‘বৈষম্যের’ অভিযোগে মামলার মুখে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ভর্তি প্রক্রিয়ায় এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে মামলার মুখে পড়েছে বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
চারটি ভারতীয়-আমেরিকান সংগঠন এবং অন্যান্য এশীয় গোষ্ঠীর আনা ওই অভিযোগের তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের বিচারবিভাগের মুখপাত্র সারাহ ফ্লোরেস জানান, ২০১৫ সালের মে মাসে অভিযোগ দায়ের করেছে ৬৪ টি এশীয়-আমেরিকান অ্যাসোসিয়েশন। সেই অভিযোগই এখন খতিয়ে দেখে আগের প্রশাসনের রেখে যাওয়া অমীমাংসীত কাজ সম্পন্ন করতে চায় বিচারবিভাগ।
তিনি জানান, অভিযোগনামায় যুক্তরাষ্ট্রের এ বিশ্ববিদ্যালয়টির ভর্তি নীতি এবং প্রক্রিয়ায় এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে বর্ণবৈষম্যর অভিযোগ করা হয়েছে।
বলা হয়েছে, “অনেক ভাল স্যাট এবং জিপিএ স্কোরসহ নানা সম্মাননা এমনকি অন্যান্য অনেক ক্ষেত্রে নেতৃস্থানীয় অবস্থান নিয়েও বহু এশীয়-আমেরিকানই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কিংবা কলেজগুলোতে ভর্তি হতে পারছে না। অথচ একই যোগ্যতা নিয়ে অন্য বর্ণের সংখ্যালঘু প্রার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের শিক্ষার্থী নেওয়ার নামে ইচ্ছাকৃতভাবে এশীয়-আমেরিকানদের প্রতি বৈষম্য করছে কিনা সে বিষয়টিই তদন্তে খতিয়ে দেখবে প্রশাসন।
