মার্কিনিদের উ কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা ১ সেপ্টেম্বর থেকে
নিজ দেশের নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ১ সেপ্টেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
উত্তর কোরিয়ায় থাকা মার্কিনিদেরকে এ সময়ের আগেই দেশে ফিরতে হবে বলে বুধবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ।
এক সরকারি নোটিশে মন্ত্রণালয় জানিয়েছে, সাংবাদিক এবং মানবিক ত্রাণ কর্মীরা নিষেধাজ্ঞায় ছাড়ের জন্য আবেদন করতে পারে।
যুক্তরাষ্ট্র সরকার গতমাসে বলেছিল, উত্তর কোরিয়ায় দীর্ঘমেয়াদে আটক থাকার ঝুঁকির কারণে তারা দেশটিতে নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করবে।
আর এখন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টান টান উত্তেজনার মধ্যে মার্কিনিদের ভ্রমণ নিষিদ্ধের এ পদক্ষেপ এল।
এর মধ্য দিয়ে উত্তর কোরিায়াই হল একমাত্র দেশ যেখানে মার্কিন নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ হল।
এর আগে উত্তর কোরিয়ায় ভ্রমণ পরিচালনাকারী একটি সংস্থা যুক্তরাষ্ট্র থেকে কোনো ভ্রমণকারী বা পর্যটককে দেশটিতে না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছিল।।
ওই সংস্থাটির মাধ্যমেই মার্কিন শিক্ষার্থী ওটো ওয়ার্মবিয়ার উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। এর কিছুদিন পরই তিনি গ্রেপ্তার হন। তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
কিন্তু গত জুনে তাকে যখন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয় তখন তিনি কোমায় ছিলেন। এর এক সপ্তাহ পরেই তিনি মারা যান। তার মৃত্যু একটি রহস্য হয়েই থেকে গেছে।
আর এর পরিপ্রেক্ষিতেই ওই সংস্থাটি উত্তর কোরিয়ায় আর কোনও মার্কিনিকে না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে।
