২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাণিজ্য যুদ্ধ: রাশিয়া

যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন নিষেধাজ্ঞাকে ‘বাণিজ্য যুদ্ধ’ বর্ণনা করে এর ফলে দুই দেশের সম্পর্কোন্নয়নের আশা শেষ হয়ে গেল বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 12:05 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাস হওয়া নিষেধাজ্ঞায় সই করে বিলটিকে আইনে পরিণত করেন; এদিনই রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“আমেরিকার নতুন প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের যে আশা ছিল তা শেষ হয়ে গেছে,” এক ফেইসবুক পোস্টে লেখেন রাশিয়ার প্রধানমন্ত্রী।

নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘পুরো মাত্রার বাণিজ্য যুদ্ধ’ শুরু করেছে দাবি করে মেদভেদভ একটি ফেইসবুক পোস্টও শেয়ার করেন, যেখানে দেখানো হয়েছে ট্রাম্প প্রশাসন ‘আদতে শক্তিহীন’।

নির্বাচিত হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টার কথা ট্রাম্প বারবার বললেও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া বিলটি সে আশায় বাধ সাধে।

বুধবার রুদ্ধদ্বার কক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করেন বলে জানিয়েছে রয়টার্স।

সাধারণত এই ধরনের নির্বাহী আদেশ স্বাক্ষরের সময় ট্রাম্প ভক্তকূল বেষ্টিত থাকেন, এবার তার ব্যতিক্রম হলো।

স্বাক্ষর করলেও কংগ্রেসের সমালোচনা করতে কসুর করেননি ট্রাম্প। বলেছেন, এটি পররাষ্ট্র নীতি নিয়ে প্রেসিডেন্টের হাতে দেওয়া ক্ষমতার লংঘন।

কংগ্রেস যে মাত্রায় রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞ দিল, দেশগুলোর সরকারের সঙ্গে এর চেয়ে ‘অনেক বেশি ভালো চুক্তি’করতে পারতেন বলেও দাবি তার।

বিলে স্বাক্ষর করে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, “রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার আগ্রাসী মনোভাব ও অস্থিতিশীল আচরণের দণ্ড হিসেবে তাদের কঠোর শাস্তির পক্ষে ছিলাম আমি, সে তুলনায় এই বিল নখদন্তহীন।”

প্রেসিডেন্ট ট্রাম্পের মত একই মত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনেরও।

“নিষেধাজ্ঞার জন্য কংগ্রেসের কার্যক্রম এবং যে পথে তারা এটি বাস্তবায়ন করেছে, এতে প্রেসিডেন্ট এবং আমি খুশি হতে পারছি না,” মঙ্গলবার বলেন টিলারসন।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সিনেটের রিপাবলিকান ও ডেমোক্রেট দলের সদস্যরা এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন।

তাদের ভাষ্য, ইউক্রেইনের ক্রাইমিয়া নিজেদের সীমানাভুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রয়োজন হয়ে পড়েছিল।

সিনেটে বিলটি পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ৭৫৫ কর্মীকে দেশে ফেরার নির্দেশ দেয় মস্কো; রাশিয়ায় যুক্তরাষ্ট্রের দুটি কম্পাউন্ডও জব্দ করে রাশিয়ার কর্তৃপক্ষ।

এর আগে ২০১৪ সালেও ক্রাইমিয়া বিষয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে রুশ কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা।

নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার শিল্প প্রতিষ্ঠান এবং জ্বালানি খাতকে আরও দুর্বল করবে বলে জানিয়েছে রয়টার্স।

এই নিষেধাজ্ঞার ফলে যে প্রতিষ্ঠানগুলোতে রাশিয়ান কোনো প্রতিষ্ঠানের ৩৩ শতাংশ বা এর বেশি শেয়ার আছে তাদের জ্বালানি অনুসন্ধান প্রকল্পে মার্কিন কোম্পানিগুলো অংশ নিতে পারবে না।

বিদেশি কোম্পানি যারা রাশিয়ার জ্বালানি খাতকে সহযোগিতা করছে কিংবা সেখানে বিনিয়োগ করছে তাদের ওপরও নতুন নিষেধাজ্ঞায় অবরোধ আরোপের সুযোগ রাখা হয়েছে।

পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার জ্বালানি সরবরাহে যেসব কোম্পানি সহযোগিতা করছে তাদের ওপরও এই নিষেধাজ্ঞার আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে ট্রাম্প প্রশাসন।  যেমন নর্ড স্ট্রিম টু পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ ব্যবস্থা, এই সরবরাহ ব্যবস্থায় জার্মানির বেশ কয়েকটি কোম্পানি জড়িত।

এ কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। এই নিষেধাজ্ঞা ইউরোপের জ্বালানি নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করলে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে তারা।