২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে প্রথম সামরিক ঘাঁটি খুলল চীন

‘আফ্রিকার শিং’ নামে পরিচিত এলাকার দেশ জিবুতিতে আনুষ্ঠানিকভাবে প্রথম সামরিক ঘাঁটি চালু করেছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Aug 2017, 05:52 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

মঙ্গলবার চীনা পিপলস লিবারেশন আর্মির ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পতাকা উড়িয়ে ঘাঁটিটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে চীনের নৌবাহিনীর উপ-কমান্ডার তিয়ান ঝং এবং জিবুতির প্রতিরক্ষামন্ত্রীসহ ৩শ’রও বেশি মানুষ অংশ নিয়েছে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় বেতারের খবরে।

ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত জিবুতিতে চীনের এ সামরিক ঘাঁটি গাড়া নিয়ে উদ্বিগ্ন ভারত।

নয়াদিল্লির আশঙ্কা, ভারত মহাসাগর এলাকায় বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কাকে নিয়ে চীনের সামরিক ও বাণিজ্যিক জোট গড়ার যে ‘স্ট্রিং অব পার্লস’ পরিকল্পনা আছে, জিবুতি হবে চীনের  সেই আরেক ‘স্ট্রিং অব পার্লস’।

কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত জিবুতিতে চীন গত বছর থেকেই একটি সরবরাহ ঘাঁটি তৈরি করতে শুরু করে।

নির্দিষ্টভাবে সোমালিয়া ও ইয়েমেন উপকূলের সাগরে শান্তিরক্ষা ও মানবিক মিশনে অংশগ্রহণকারী চীনা নৌবাহিনীর জাহাজগুলোতে সরবরাহ অব্যাহত রাখাই ছিল এর উদ্দেশ্য।

বেইজিং এটিকে ‘সরবরাহ স্থাপনা’ বলে অভিহিত করলেও এটিই আসলে বিদেশের মাটিতে চীনের প্রথম নৌঘাঁটি।

এ ঘাঁটির ফলে আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় মানবিক ত্রাণ ও শান্তিরক্ষা, জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার মিশনে চীনের অংশগ্রহণ নিশ্চিত হবে।

ঘাঁটিটি দেশের বাইরে সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, সাগরে চীনা স্বার্থের সুরক্ষা ও জরুরি উদ্ধার ও সরিয়ে নেয়ার মতো দায়িত্বও পালন করতে পারবে, পাশাপাশি যৌথভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা বজায় রাখতে পারবে।