২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের জনসংযোগ প্রধান স্কারামুচি বরখাস্ত

হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালক দায়িত্ব পাওয়ার ১০ দিনের মাথায় চাকরি হারিয়েছেন অ্যান্থনি স্কারামুচি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 10:07 AM

Updated : 19 Aug 2022, 05:11 PM

ওয়াল স্ট্রিটের সাবেক আর্থিক ব্যবস্থাপক স্কারামুচি দায়িত্ব নেওয়ার পরপরই টেলিফোনে এক সাংবাদিককে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনায় পড়েন।

তার নিয়োগকে কেন্দ্র করে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রাইনস প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসারকে পদ হারাতে হয়। কিন্তু স্কারামুচি নিজেও টিকতে পারলেন না।

বিবিসির খবরে বলা হয়, সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফের দায়িত্ব নেওয়া জন কেলি কমিউনিকেশন ডিরেকটর স্কারামুচিকে বরখাস্তের সিদ্ধান্ত দেন।

আর তার কর্মকাণ্ডে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সন্তুষ্ট ছিলেন না বলে হোয়াইট হাউজের কর্মকর্তাদের ভাষ্য।   

ট্রাম্পের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেছেন, স্কারামুচি একজন সাংবাদিকের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, তা ওই পদের একজন ব্যক্তির জন্য যথাযথ নয় বলেই মনে করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।