২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাল্টিক রাষ্ট্রগুলোর সবচে বড় হুমকি রাশিয়া’

বাল্টিক রাষ্ট্রগুলোর জন্য তাদের বল্গাহীন প্রতিবেশী দেশ রাশিয়াকেই সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 10:02 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

সোমবার এস্তোনিয়া সফরকালে তিনি বলেন, ‘রাশিয়া শক্তি প্রয়োগ করে আন্তর্জাতিক সীমানা নতুন করে নির্ধারণ করা’ এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে।

মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার মার্কিন কূটনৈতিক মিশনের ৭৫৫ জন কর্মীকে বহিস্কারের নির্দেশ দেওয়া নিয়ে উত্তেজনার মধ্যে পেন্স এমন মন্তব্য করলেন।

এস্তোনিয়ায় দেশটির প্রেসিডেন্ট এবং লাটভিয়া ও লিথুনিয়াসহ সব নেটো সদস্য দেশের প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠকের পর পেন্স বলেন, আপনাদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা হচ্ছে, “আমরা আপনাদের পাশে আছি।”

এস্তোনিয়ার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, “আজ একটি শক্তিশালী, একতাবদ্ধ নেটো আগের যে কোনও সময়ের সবচেয়ে বেশি প্রয়োজন। আর বাল্টিক দেশগুলোর জন্য তাদের পূর্ব দিকের বল্গাহীন প্রতিবেশী দেশের আগ্রাসনের চেয়ে বড় হুমকি আর কিছু নেই।”

রাশিয়া আগামী মাসে মিত্রদেশ বেলারুশের সঙ্গে বড় ধরনের সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ মহড়ার মুখে বাল্টিক দেশগুলোর নিরাপত্তার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মাইক পেন্স।

কূটনৈতিক মিশনের কর্মী বহিস্কার নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বাল্টিক অঞ্চলে এ সফরে গেছেন।