২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওয়াজ: পাকিস্তানের  মেয়াদ শেষ করতে না পারা ১৫তম প্রধানমন্ত্রী

সম্পদের বিবরণী লুকানোর দায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট যখন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণা করল, পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে যেন আরও একবার পুনরাবৃত্তি দেখা গেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 04:44 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

শুক্রবার মেয়াদ পূর্ণের ১০ মাস আগে দায়িত্ব ছাড়তে বাধ্য হওয়া নওয়াজ মেয়াদ সম্পূর্ণ করতে না পারা পাকিস্তানের ১৫তম প্রধানমন্ত্রী বলে জানিয়েছে ডন।

একইসঙ্গে তিনি হলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, যিনি তিনবার নির্বাচিত হয়ে একবারও মেয়াদ শেষ করতে পারেননি।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এই শীর্ষ নেতা ১৯৯৩ সালে প্রথম দপ্তর ছাড়তে বাধ্য হন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৎকালীন প্রেসিডেন্ট গুলাম ইসহাক খানের কারণে।

আদালত প্রধানমন্ত্রী পদে পুনরায় বহাল করলেও সামরিক বাহিনীর চাপে প্রেসিডেন্টকে সঙ্গে নিয়েই পদত্যাগে রাজি হন নওয়াজ।

দ্বিতীয়বার ১৯৯৯ সালে পারভেজ মুশারফসহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন জেনারেল একত্রিত হয়ে নির্বাচিত সরকারকে রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করলে নওয়াজের সরকার অঙ্কুরেই ঝরে পড়ে।

এবার পাকিস্তানের শীর্ষ আদালতের বিচারকরা নওয়াজকে অযোগ্য ঘোষণা করেন দেশটির সংবিধানের কম আলোচিত ৬২ ও ৬৩ নম্বর ধারা ব্যবহার করেন। সাবেক স্বৈরশাসক জেনারেল জিয়াউল হক রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবহার করতে এই দুটি ধারা পাকিস্তানের সংবিধানে ঢুকিয়েছেন বলে রাজনৈতিক মাখদুম জাভেদ হাশমি দাবি করেছেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ইউসুফ রাজা গিলানি হলেন দেশটির ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী, আদালতের আদেশে যাকে পদ ছাড়তে হয়েছিল।

২০১২ সালে আদালতের নির্দেশের পরও তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুর্নীতির মামলা পুনরায় চালু করতে সুইজারল্যান্ড কর্তৃপক্ষের কাছে চিঠি না লিখে ‘আদালত অবমাননা’র দায়ে দোষী সাব্যস্ত হন গিলানি।

পানামা পেপারে নিজের এবং সন্তানদের নাম আসার পরপরই নওয়াজের ভাগ্যাকাশে কালো মেঘ দেখা দেয়। পানামার আইনী প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া ওই নথিগুলোতে বেশ কয়েকটি অফশোর কোম্পানি এবং সম্পদের খোঁজ মেলে, নিজের দেওয়া কর ও সম্পদ বিবরণীতে পিএমএল-এন প্রধান নওয়াজ যেগুলোর উল্লেখ করেননি।

আদালতে এ বিষয়ে বিচার চলার সময়ই অনেকে মনে করেছিলেন, পাকিস্তানের তথাকথিত ক্ষমতাকাঠামো এবার নওয়াজের জায়গায় অন্য কাউকে বসাতে চায়; শুক্রবারের রায়ে সেই ধারণাই সত্যি প্রমাণিত হলো। 

এ খেলা শুরু হয়েছে পাকিস্তানের জন্মের অল্প কিছুদিন পর থেকেই; ১৯৫১ সালে দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের হত্যাকাণ্ডের পর থেকে ব্রিটিশ প্রশিক্ষিত আমলাতন্ত্র রাজনীতিবিদদের বিরুদ্ধে ‘প্রাসাদ ষড়যন্ত্রে’ লিপ্ত হয়।

গভর্নর গুলাম মুহাম্মদ তার হাতে থাকা ক্ষমতার বলে একে একে পাঁচ প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছিলেন; এরা হলেন- খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আই আই চুন্দ্রিগড়।

আরেক সাবেক আমলা ইস্কান্দার মির্জা সামরিক বাহিনীর সঙ্গে যোগসাজশে গভর্নর জেনারেলকে উৎখাত করে প্রথমে নিজে প্রধানমন্ত্রী হন, পরে তার আসনে বসান ফিরোজ খান নুনকে। কিছুদিন পর সেনাবাহিনীর সহায়তায় ফের মার্শাল ল জারি করে নুনকে উচ্ছেদ করেন।

মির্জা নিজেও বেশিদিন শাসনকর্তা হিসেবে টিকতে পারেননি। পর্দার অন্তরালে নয়, সেনাবাহিনী সামনে থেকে দেশ শাসন করবে এই চিন্তা থেকে সেনাপ্রধান আইয়ুব খান ক্ষমতা নিজের হাতে তুলে নেন।

পাকিস্তানের ইতিহাসে মোট দুইবার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে দেয়। প্রথমবার ১৯৭৭ সালে জেনারেল জিয়া তখনকার নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করেন; দ্বিতীয়বার ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মুশাররফ তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজকে প্রধানমন্ত্রীত্ব ছাড়া করেন।

৮০ এবং ৯০ এর দশকে কুখ্যাত অষ্টম সংশোধনীর মাধ্যমে জেনারেল জিয়া পাকিস্তানের ক্ষমতাকাঠামোর গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেন। ১৯৮৫ সালে দলবিহীন এক নির্বাচনের পর সংশোধনীর ৫৮(২)(খ)-র মাধ্যমে জিয়া প্রেসিডেন্ট হিসেবে অভূতপূর্ব ক্ষমতার অধিকারী হন।

ক্ষমতাবলে জিয়া তার হাতের পুতুল হিসেবে পরিচিত মোহাম্মদ খান জুনেজোকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটিয়ে দেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলি বাতিল ঘোষণা করেন।

বিমান দূর্ঘটনায় জেনারেল জিয়ার মৃত্যুর পর প্রেসিডেন্ট পদে বসা গুলাম ইশহাক খানও সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে-পরে সংবিধানের ধারা ব্যবহার করে যথাক্রমে বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফকে পদচ্যুত করেন।

১৯৯৭ সালে নির্বাচনের পর বেনজির ভুট্টোর সমর্থন নিয়ে নওয়াজ শরীফ সংবিধান থেকে ৫৮(২)(খ) বাতিল করলেও ২০০২ সালে ক্ষমতায় বসে পারভেজ মুশাররফ ফের ধারাটি সংযুক্ত করেন।

প্রেসিডেন্টের মেয়াদকালে

প্রেসিডেন্টের মেয়াদকালে প্রথম প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান জামালিকে সরাতে অবশ্য এ ধারা ব্যবহার করেননি মুশাররফ। এর পরিবর্তে ক্ষমতাসীন মুসলিম লীগ- কিউকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষেপিয়ে দেন তিনি।  দলের সদস্যদের বিদ্রোহের মুখে জামালিকে পদত্যাগ করতে হয়।

মুশাররফ আমলে আরও দুজনকে প্রধানমন্ত্রী দেখেছে পাকিস্তান। এদের একজন সুজাত হোসেন দায়িত্ব পালন করেছেন অন্তবর্তীকালীন কিছু সময়; মুশাররফঘনিষ্ঠ শওকত আজিজ ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হ্ওয়ার পর বিদায় নেন তিনি। ২০০৮ এর নির্বাচনের আগে শওকতের স্বল্প মেয়াদও শেষ হয়।