হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে বেনগাজি
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির আমলে সেনাবাহিনীর কমাণ্ডার হিসেবে দায়িত্ব পালন করা খলিফা হাফতারের বাহিনী লিবিয়ার বেনগাজির শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।
বুধবার তিন বছরের যুদ্ধ শেষে তারা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী ও জঙ্গিদের হটিয়ে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটির নিয়ন্ত্রণ নেয়।
২০১১ সালে লিবিয়ার তৎকালীন শাসক গাদ্দাফির পতনের পর দেশজুড়ে চলা লড়াই-সংঘর্ষের মধ্যে ২০১৪ সালে হাফতারের স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) বেনগাজির নিয়ন্ত্রণ নিতে অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে।
বেনগাজির নিয়ন্ত্রণে আসায় লিবিয়ার পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ধীরে ধীরে ত্রিপোলির কর্তৃত্বকে অগ্রাহ্য করা হাফতারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। অপরদিকে ত্রিপোলিভিত্তিক লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারকে রাজধানীর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে।
বুধবার বেনগাজি জয়ের পর হাফতার লিবিয়ার জনগণের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, “আপনাদের সেনাবাহিনী আপনাদের কাছে ঘোষণা করছে, বেনগাজি এখন সন্ত্রাসীদের কাছ থেকে মুক্ত। এই জয় ও মুক্তি সম্মানের। বেনগাজি এখন এক নতুন যুগে প্রবেশ করলো।”
হাফতারের ভাষণের আগে এলএনএ-র সৈন্যরা লিবিয়ার সমুদ্র তীরবর্তী জেলা সাবরিতে চূড়ান্ত বিজয় অর্জন করে। এদিন তারা জঙ্গিদের প্রতিরোধের শেষ পকেটগুলোও ধ্বংস করে দেয়।
২০১৪ সালের মে মাসে হাফতার বেনগাজি দখলে ‘অপারেশন ডিগনিটি’শুরু করেন; এই তিন বছরে তার বাহিনীর কর্মকর্তাসহ অন্তত পাঁচ হাজার সদস্য যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
গত বছর এলএনএ দক্ষিণের বিমানঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেলখনির নিয়ন্ত্রণ গ্রহণ করে।
