সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে ইসরায়েল
সন্ত্রাস মোকাবেলায় ইসরায়েল ভারতের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দু’দেশই সহযোগিতা করতে রাজি হয়েছে বলে বুধবার জানান তিনি।
ইসরায়েল সফরকালে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত প্রথমেই সহিংসতা এবং সন্ত্রাস থেকে ছড়িয়ে পড়া ঘৃণার শিকার হয়েছে। ইসরায়েলও তাই।”
“প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) এবং আমি সেকারণেই আমাদের কৌশলগত স্বার্থ রক্ষায় আরও বেশি কিছু করার পাশাপাশি গজিয়ে ওঠা উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে রাজি হয়েছি।”
মঙ্গলবারই তিনদিনের সফরে ইসরায়েল পৌঁছান মোদী। ইসরায়েলের এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর উপলক্ষে মোদী এ সফরে গেলেন।
ইসরায়েল পৌঁছেই মোদী সন্ত্রাসের প্রসঙ্গে বলেছিলেন, ‘‘ভারত-ইসরায়েল দু’দেশেরই প্রধান সমস্যা সন্ত্রাসবাদ। দেশের বাইরে উদ্ভূত সন্ত্রাসবাদের শিকার হতে হচ্ছে ভারত ও ইসরায়েল দু’দেশকেই।”
ফলে এ সফরে মোদীর প্রধান আলোচ্য বিষয় ছিল সন্ত্রাস মোকাবিলা। তবে এর পাশপাশি সাইবার-নিরাপত্তা ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি নিয়েও দুপক্ষে আলোচনা হওয়ার কথা আছে।
