কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ পাচ্ছে সাবেক গুয়ানতানামো বন্দি
কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে প্রায় ১০ বছর বন্দি ও নির্যাতনের শিকার হওয়া কানাডার নাগরিক ওমর খাদরের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাকে এক কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতিপূরণ দিচ্ছে কানাডা সরকার।
আফগানিস্তানে যুদ্ধ আইন লঙ্ঘন করে এক আমেরিকান সেনাকে হত্যার অভিযোগে খাদরকে বন্দি করা হয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর।
সে সময় অনেকের কাছেই তিনি বিবেচিত হয়েছিলেন শিশুসেনা হিসাবে এবং খাদর তার অধিকার লঙ্ঘনের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন।
টরেন্টো স্টারের প্রতিবেদনে বলা হয়, গতমাসে কানাডার বিচার বিভাগের অ্যাটর্নি ও খাদরের আইজীবীদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয় এবং উভয়পক্ষ এই মধ্যস্থতায় পৌঁছায়।
তবে মধ্যস্থতার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু দুই কোটি মার্কিন ডলারের কম ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল এবং এক কোটি মার্কিন ডলারের বেশি অর্থ দেওয়ার চুক্তি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
কানাডা সুপ্রিম কোর্টে খাদরের আইনজীবীরা বলেন, “নিজেদের নাগরিককে সুরক্ষা না দিয়ে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ওমর খাদরকে নির্যাতনের চক্রান্ত করে কানাডা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।”
১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর কানাডার টরেন্টতে জন্মগ্রহণ করেন খাদর। তার বাবা-মা যথাক্রমে মিশর ও ফিলিস্তিন থেকে আসা অভিবাসী যারা পরে কানাডার নাগরিকত্ব পান।
২০০২ সালের ২৭ জুলাই আফগানিস্তানে সন্দেহভাজন আল-কায়দা জঙ্গিদের সঙ্গে মার্কিন সেনাদের বন্দুযুদ্ধের মধ্যে খাদর গুলিবিদ্ধ হন এবং তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ বছরের কিশোর খদারের বিরুদ্ধে তখন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর চিকিৎসক সার্জেন্ট ফার্স্ট ক্লাস ক্রিস্টোফার স্পিরকে হত্যার অভিযোগ আনা হয়।
খাদরের ছোড়া গ্রেনেডের আঘাতেই স্পিরের মৃত্যু হয়েছে বলে ধারণা ছিল মার্কিন সেনাদের। যুদ্ধাপরাধের অভিযোগ এনে কিশোর খাদরকে ওই সময় গুয়ান্তানামো বে কারাগারে নিয়ে যাওয়া হয়।
২০১০ সালে হত্যাসহ আরও কয়েকটি অভিযোগে খাদরকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তাকে আট বছরের বেশি কারাদণ্ড দেয়।
তার দুই বছর পর কানাডা ফেরার সুযোগ দেওয়ার বিনিময়ে নিজের অপরাধ স্বীকার করে নেওয়া খাদর সাজার বাকি মেয়াদ ভোগ করতে কানাডা ফিরে যান। ২০১৫ সালের মে মাসে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কিউবায় যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারে থাকা সবচেয়ে কম বয়সী এবং সর্বশেষ পশ্চিমা নাগরিক ছিলেন খাদর।
খাদরের আইনজীবীরা বিনাদোষে কারাগারে রাখার দায়ে কানাডা সরকারের বিরুদ্ধে আদালতে দুই কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেন বলে জানা গেছে।
তাদের দাবি, খাদরকে তার মিশরীয় বংশোদ্ভুত বাবা আহমেদ সাইদ খাদর জোর করে পাকিস্তানে এনেছিলেন।
২০০৩ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় আল-কায়দার কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে অবস্থান করা আহমেদ খাদর নিহত হন।
আলবের্তা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিহত মার্কিন সেনাদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান খাদর।
তিনি জিহাদের নৃশংস পথ ছেড়ে নতুন করে জীবন শুরুর ইচ্ছা প্রকাশ করেন।
মাহের আহরার নামে কানাডার আরও এক নাগরিকের সঙ্গেও কানাডা সরকার এ ধরনের একটি মধ্যস্থতা করেছে। ২০০২ সালে সিরিয়ায় নির্যাতন ও দীর্ঘদিন বন্দি জীবন কাটানোর ক্ষতিপূরণ হিসেবে তাকে প্রায় এ পরিমাণ অর্থ দেওয়া হয়।
