জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে দাঁড়ানোর সমালোচনায় হকিং
প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ানোর জন্য এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং।
যুক্তরাষ্ট্রের এ চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ‘পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিতে পারে’ বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এ কারণে এক সময় পৃথিবীর তাপমাত্রা বেড়ে এটি শুক্র গ্রহের মত হয়ে যেতে পারে।
নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৮৮টি দেশের ঐকমত্যে ২০১৫ সালে প্যারিসে ওই জলবায়ু চুক্তি হয়। সেখানে সিদ্ধান্ত হয়, বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি এমন পর্যায়ে বেঁধে রাখার উদ্যোগে নেওয়া হবে, যাতে তা প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়।
বিবিসি’কে হকিং বলেন, যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তাতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা আর হয়ত সম্ভবই হবে না।
তিনি বলেন, “আমরা চূড়ান্ত পরিস্থিতির খুব কাছে পৌঁছে গেছি, যেখানে পৌঁছলে বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকাটা আর কোনওভাবেই ঠেকানো যাবে না। ট্রম্পের এ সিদ্ধান্ত পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। পৃথিবী শুক্র গ্রহের মত উত্তপ্ত হয়ে উঠতে পারে, তাপমাত্রা ২৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, হতে পারে এসিড বৃষ্টি।”
পৃথিবী এক সময় মানব বসতির অযোগ্য হয়ে যাবে এবং টিকে থাকতে মানবজাতিকে অন্য গ্রহে আশ্রয় খুঁজে নিতে হবে বলেও সতর্ক করেন হকিং।
জলবায়ু পরিবর্তনের বিষয়টি ‘ভাওতা’ বর্ণনা করে ট্রাম্প বলেছিলেন, প্যারিস জলবায়ু চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য খুবই অন্যায্য চুক্তি।
এ চুক্তির ফলে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও ভারত লাভবান হচ্ছে বলেও মন্তব্য তার।
হকিং বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রমাণ অস্বীকার করে এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আমাদের এই সুন্দর পৃথিবীর ওইসব ক্ষতির জন্য দায়ী হবেন যা এড়িয়ে যাওয়া যেত।”
ব্রেক্সিটের পর জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাজ্যের গবেষণা কাজে অপূরণীয় ক্ষতি হবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন হকিং।
তিনি বলেন, “বিজ্ঞান একটি সমষ্টিক প্রচেষ্টা। তাই ব্রেক্সিটের প্রভাব সম্পূর্ণরূপে নেতিবাচক হবে। এটি যুক্তরাজ্যের বিজ্ঞান গবেষণাকে কোণঠাসা করে ফেলবে।”
