২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান পার্লামেন্টে সমলিঙ্গে বিয়ে অনুমোদন

জার্মানির পার্লামেন্টে ১৬৭ ভোটের ব্যবধানে সমলিঙ্গে বিয়ে অনুমোদন পেয়েছে। যদিও অ্যাঙ্গেলা মেরকেল বিপক্ষে ভোট দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Jun 2017, 03:30 PM

Updated : 11 Oct 2022, 02:13 PM

এর ফলে এখন থেকে দেশটির সমলিঙ্গ জুটিরা বৈধভাবে বিয়ে এবং সন্তান নেওয়ার অধিকার পেল।

জার্মানির চ্যান্সেলর মেরকেল সমলিঙ্গে বিয়ের আইনী বৈধতার বিপক্ষে অবস্থান নেওয়ায় পার্লামেন্টে এ প্রস্তাব নিয়ে ভোট আয়োজন আটকে ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার মেরকেল নিজের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিয়ে এমপিদের এ বিষয়ে ভোট আয়োজন করতে বলেন।

শুক্রবারের ভোটে সমলিঙ্গে বিয়ের পক্ষে ৩৯৩টি এবং বিপক্ষে ২২৬টি ভোট পড়ে। দুইজন অনুপস্থিত ছিলেন।

Image
সমলিঙ্গে বিয়ে নিয়ে জার্মান পার্লামেন্টে আয়োজিত ভোটে নিজের মত জানাচ্ছে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেরা মেরকেল। ছবি: রয়টার্স

সমলিঙ্গে বিয়ে নিয়ে জার্মান পার্লামেন্টে আয়োজিত ভোটে নিজের মত জানাচ্ছে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেরা মেরকেল। ছবি: রয়টার্স

তিনি নিজে সমলিঙ্গে বিয়ের বিপক্ষে ভোট দিয়েছেন বলে সাংবাদিকদের জানান মেরকেল।

২০১৩ সালে নির্বাচনী প্রচারের সময় মেরকেল ‘সন্তানদের কল্যানের’ কথা বিবেচনা করে সমলিঙ্গে বিয়ের বিরুদ্ধে কথা বলেছিলেন।

তবে এ বিষয়ে তাকে ‘কঠিন সময়’ পার করতে হবে বলেও তখন স্বীকার করেছিলেন তিনি।

কিন্তু ২৬ জুন নারী বিষয়ক ম্যাগাজিন ‘ব্রিগিটা’ তে এক সাক্ষাৎকারে সবাইকে অবাক করে দিয়ে এ বিষয়ে পার্লামেন্টে স্বাধীন ভোট আয়োজনের কথা বলেন মেরকেল।

ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেনসহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশে সমলিঙ্গে বিয়ে বৈধ।