গো-রক্ষা: মোদীর হুঁশিয়ারির পরও হত্যা থামেনি
‘গো-রক্ষার নামে মানুষ খুন মেনে নেওয়া হবে না’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন হুঁশিয়ারির মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভারতের ঝাড়খণ্ডে মুসলিম এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার আলিমুদ্দিন যিনি আসগর আনসারি নামেরও পরিচতি নিজের মারুতি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রামগড় জেলার বাজারতান্ড গ্রামের কাছে একদল জনতা তার গাড়ি থামায় এবং গাড়িতে গরুর মাংস আছে অভিযোগ তুলে তাকে রাস্তায় ফেলে পেটাতে শুরু করে। হামলাকারীরা তার গাড়িতে আগুন ধরি দেয়।
খবর পেয়ে পুলিশ আনসারিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শরীরের অভ্যন্তরে মারাত্মক আঘাত জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ এ ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেছে।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরকে মালিক বলেন, “আরসারি মাংসের ব্যবসা করেন। খুব সম্ভবত হামলাকারীরা তার জন্য ঘটনাস্থলে অপেক্ষা করছিল।”
“হত্যাকারীদের খুঁজে বের করা হবে। খুব সম্ভবত নিহত আনসারির সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন ছিল।”
তবে আনসারির গাড়িতে গরুর মাংস ছিল কিনা তা তিনি নিশ্চিত করতে পারেনি।
এ ঘটনায় ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এর আগে সোমবার প্রায় একহাজার জনের একটি দল উসমান আনসারি নামে এক খামার মালিকের বাড়িতে হামলা চালায়। তারা উসমান ও তার পরিবারের সদস্যদের মারধর করে এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের বাধার মুখে পড়ে।
পরে লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে উসমান ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে পুলিশ।
গুরুতর আহত উসমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
এ ঘটনায় অন্তত ৫০ পুলিশ আহত হয়েছেন।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ধরণের পরপর কয়েকটি হামলার পর বুধবার ভারত জুড়ে গো-রক্ষার নামে হামলা বন্ধের দাবিতে বিক্ষেোভ হয়।
