২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স সরকার থেকে ম্যাক্রোঁর শীর্ষ মিত্রর পদত্যাগ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ মন্ত্রিসভা রদবদলের মাত্র কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেছেন তার শীর্ষ মিত্র ও বিচারমন্ত্রী ফ্রাঁসোয়া বেইহু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2017, 08:11 PM

Updated : 11 Apr 2022, 11:48 PM

যদিও বেইহুর দল মুদেম থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিবিসি জানায়, ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল লা রিপাবলিক এন মার্চ (এলআরইএম) পার্টির শরিক দল মুদেম এর বিরুদ্ধে ইইউ তহবিল থেকে দলীয় কর্মীদের অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত চলছে।

অনৈতিক, নোংরা ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দেওয়া ম্যাক্রোঁ গত ১৪ মে  প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দেন।

মুদেম পার্টি নিয়ে তদন্ত শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে বেইহু ও ম্যাক্রোঁর মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছিল। আর এখন বেইহুর পদত্যাগের মধ্য দিয়ে মধ্যপন্থি দলটি গত ২৪ ঘণ্টায় ম্যাক্রোঁর মন্ত্রিসভার তিনটি পদই হারাল।

মঙ্গলবার প্রথম মুদেম পার্টির নেতা সিলভি গুলাহ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তারপর বুধবার বেইহুর পদত্যাগের ঘোষণার পর ইউরোপীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী মাহিয়ের দে জাহনেজের সরে দাঁড়ানোর বিষয়টিও পরিষ্কার হয়ে গেছে। পার্লামেন্টে তিনি মুদেম পার্টির প্রধানের দায়িত্ব নেবেন বলে জানায় বিবিসি।

এর আগে সোমাবার ম্যাক্রোঁর ঘনিষ্ঠ মিত্র রিচার্ড ফেহঁ পদত্যাগের ঘোষণা দেন।

ফেহঁর বিরুদ্ধে একটি মিউচুয়াল হেল্থ ইনস্যুরেন্স ফান্ডের প্রধান থাকা অবস্থায় স্ত্রীকে লাভজনক সম্পত্তি পাইয়ে দিতে গোপন তথ্য ব্যবহারের অভিযোগ উঠেছে।

যদিও ফেহঁ এবং গুলাহ কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার স্থানীয় সময় ১৭:০০ (১৫:০০ জিএমটি) সংবাদ সম্মেলন ডেকেছেন বেইহু। সেখানে তিনি নিজের অবস্থান ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বেইহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ম্যাক্রোঁর নতুন সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় শঙ্কার কালো ছায়া ফেলেছে। কারণ, খোদ বেইহুই রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে প্রস্তাবিত একটি বিলের খসড়া প্রস্তুত করেছেন।

ওই বিলে রাজনীতিবিদদের সরকারি কাজে নিজ পরিবারের সদস্যদের নিয়োগ বন্ধের কথা বলা হয়েছে। এছাড়া, কোনও এমপি বা সিনেটর দুর্নীতি বা প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ১০ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করার কথাও আছে।

মুদেম এর বিরুদ্ধে দুর্নীতির তদন্তের কারণে দলটি যদি ম্যাক্রোঁর উপর থেকে সমর্থন সরিয়ে নেয় তবুও পার্লামেন্টে এলআরইএম পার্টির সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকবে।

কিন্তু ফ্রান্সের রাজনীতিতে বামপন্থি ও ডানপন্থি দলগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরির যে প্রতিশ্রুতি ম্যাক্রোঁ দিয়েছেন, তা শুরুতেই হোঁচট খেল। কারণ, ম্যাক্রোঁর মিত্রদের মধ্যেই ফাটল ধরতে শুরু করেছে।