তেহরান হামলার মূল পরিকল্পনাকারী নিহত
রাজধানী তেহরানে চালানো জোড়া হামলার মূল পরিকল্পনাকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে ইরান।
শনিবার তাকে হত্যা করা হয় বলে দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলভির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।
“পার্লামেন্ট ভবন এবং আয়তুল্লাহ খোমেনির মাজারে হামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান কমান্ডারকে আজ (শনিবার) নিরাপত্তা বাহিনী হত্যা করেছে," বলেছেন আলভি।
বুধবার তেহরানের ওই দুটি জায়গায় আধ ঘন্টার ব্যবধানে চালানো আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় মোট ১৭ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ।
কিন্তু হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হাত আছে বলে অভিযোগ করেছে ইরান।
আরো হামলার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে সন্দেহে এরপর থেকে ইরানজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তেহরানের জোড়া হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত প্রায় ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আলভী জানিয়েছেন, তাদের মন্ত্রণালয় মে মাসের প্রায় প্রতিদিনই কোনো না কোনো ‘সন্ত্রাসী দলকে’ শনাক্ত করে নির্মূল করেছে, কিন্তু জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায় সেসব ঘটনা প্রকাশ করেনি।
তেহরানের পুলিশ জানিয়েছে, তারা পার্লামেন্ট ভবন ও খোমেনির মাজারে হামলার সময় সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়িটি শনিবার সিটি সেন্টারে খুঁজে পেয়েছে।
গাড়িটি নিয়ে সন্ত্রাসীরা প্রথমে খোমেনির মাজারে যায়, সেখানে হামলা চালানো জন্য দুইজনকে নামিয়ে দিয়ে পার্লামেন্টে হামলার উদ্দেশ্যে গাড়িটি নিয়ে তারা সিটি সেন্টারে আসে বলে এক বিবৃতিতে জানিয়েছে তেহরান পুলিশ।
