২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে নির্বাচন: মে’র দুই সহযোগীর পদত্যাগ

জাতীয় নির্বাচনে কনজারভেটিভ দলের ফল বিপর্যয়ের জেরে টেরিজা মে’র ঘনিষ্ঠ দুই সহযোগী নিক টিমথি ও ফিওনা হিল পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 08:51 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

বিবিসি জানায়, খুব সম্ভবত ওই দুইজনকে বরখাস্ত না করলে সোমবার টেরিজা মেকে এমপিদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছিল।

পদত্যাগের পর টিমথি বলেন, টোরিদের নির্বাচনী ইশতেহারে তার ভূমিকার দায় তিনি গ্রহণ করছেন।

শনিবার কনজারভেটিভ হোম ওয়েবসাইটে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে টিমথি টোরি এমপিদের প্রতি মেকে ‘সমর্থন’ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সেইসঙ্গে তিনি নতুন সরকার গঠন করে ব্রেক্সিট আলোচনা শুরুর প্রক্রিয়ায় কোনা বাধা আসার সুযোগ দেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন। 

দলের নির্বাচনী ইশতেহারের বিষয়ে তিনি বলেন, “নির্বাচনী প্রচারে আমার যে ভূমিকা ছিল আমি তার দায় গ্রহণ করছি। আমাদের নির্বাচনী প্রকল্পে যেটা ভুল ছিল।”

বৃহস্পতিবারের আগাম নির্বাচনে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মে’র দল কনজারভেটিভ পার্টি।

গত বারের তুলনায় ১৩টি আসন কম পাওয়া কনজারভেটিভরা এবার ৩১৮টি আসন জিতেছে।

একক সরকার গঠনের জন্য অন্তত ৩২৬টি আসন প্রয়োজন।

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নর্দান আইল্যান্ডের দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন মে।

ওয়েস্টমিনস্টারে ১০টি আসন পেয়েছে ডিইউপি।

আগাম নির্বাচনে ফল বিপর্যয়ের পর প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির শীর্ষ নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রীর পদ থেকে মেকে সরে যাওয়ার আহ্বান জানান।

যদিও মে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

এবার জোট সরকার গঠন করতে হলেও ক্ষমতাশালী কিছু পদে পরিবর্তন আসছে না বলেই ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, ফিলিপ হ্যামন্ড চ্যান্সেলর, বরিস জনসন পররাষ্ট্রমন্ত্রী এবং ভোট পুনগননার পর সামান্য ব্যবধানে উৎরে যাওয়া অ্যাম্বার রাড স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ডেভিড ডাভিস ব্রেক্সিট মন্ত্রী এবং মাইকেল ফালন প্রতিরক্ষামন্ত্রী থাকছেন।

বেন গুমার ও জেন এলিসনের মত গতবারের মধ্যম সরির মন্ত্রী ও জুনিয়র মন্ত্রী মিলিয়ে মোট নয়জন এবার নিজেদের আসনে জিততে পারেননি। যে কারণে তাদের জায়গান নতুন কাউকে নিয়োগ দিতে হবে।