কীভাবে কাজ করবে টেরিজা মের নতুন সরকার?
ভোটের বাজিতে হারের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের করজারভটেভি পার্টি তুলনামূলকভাবে ছোট দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টিকে সঙ্গে নিয়ে যে নড়বড়ে সরকার গঠনের পথে রয়েছে, তার সামনে থাকছে বন্ধুর পথ।
বাস্তবতা হল, নতুন হাউজ অব কমন্সে কোনো প্রস্তাব পাস করার মত প্রয়োজনীয় সংখ্যক এমপিও টেরিজা মে তার নিজের দলে পাবেন না। এই ঘাটতি তাকে পূরণ করতে হবে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সমর্থন নিয়ে।
টেরিজা মের এই ‘মাইনরিটি গভার্নমেন্ট’ ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নিতে কীভাবে অগ্রসর হবে এবং সেই পথে আগামী দিনগুলোতে কী ধরনের জটিলতায় তাদের পড়তে হতে পারে, তার একটি ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে বিবিসির এক বিশ্লেষণে।
গতবছর ব্রেক্সিট নির্বাচনের অপ্রত্যাশিত ফলাফলের পর ডেভিড ক্যামেরন সরে গেলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন টেরিজা মে। তার লক্ষ্য ছিল পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা, যাতে ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
কিন্তু বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২৬ আসনের চেয়ে আটটি আসন কম পেয়েছে কনজারভেটিভ পার্টি। টেরিজা মের দল এবার ৩১৮টি আসন পেয়েছে, যা গতবারের চেয়ে ১৩টি কম।
অন্যদিকে বিরোধী দল লেবার পার্টির আসন সংখ্যা ৩০টি বেড়ে ২৬২টি হয়েছে। গতবার ৫৪টি আসন জেতা স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) আসন কমে হয়েছে ৩৫টি। লিবারেল ডেমোক্র্যাটদের আসন পাঁচটি বেড়ে ১২টি হয়েছে। আর ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) পেয়েছে ১০টি আসন।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন ভোটের এই ফলের কারণে টেরিজা মেকে পদত্যাগের আহ্বান জানালেও প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাজ্যের এখন সবচেয়ে বেশি দরকার স্থিতিশীলতা।
ফলে টেরিজা মেকে এখন পার্লামেন্টে যে কোনো ভোটাভুটির ক্ষেত্রে ডিইউপির দিকে তাকিয়ে থাকতে হবে। আর এই বিষয়টিই হয়ে উঠতে পারে অস্থিতিশীলতা আর অনিশ্চয়তার কারণ।
বিবিসি লিখেছে, পার্লামেন্টে ডিইউপির নিয়মিত সমর্থন পাওয়ার একটা উপায় হল- ‘কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই’ পদ্ধতিতে যাওয়া।
অর্থাৎ, পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ও বাজেট পাসের ক্ষেত্রে ডিউইপি কনজারভেটিভ পার্টিকে সমর্থন দেবে। এর বিপরীতে কানজারভেটিভ পার্টিও ডিইউপির কিছু কিছু কাজে তহবিল যোগাবে বা সমর্থন যোগাবে।
ডিইউপির সঙ্গে জোট বাধায় কিছু ঝুঁকিও থাকবে কনজারভেটিভ পার্টির জন্য। ছোট দলটির নীতি-আদর্শ কনজারভেটিভ পার্টির সঙ্গে না মিললেও কিছু কিছু বিষয়ে তাদের ছাড় দিতে হতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের চিফ অব স্টাফ জনাথন পাওয়াল তো এরইমধ্যে বলেছেন, টেরিজা মে নিজেকে ডিইউপির কাছে জিম্মি করে ফেলছেন।
বিবিসি লিখেছে, নর্দার্ন আয়ারল্যান্ডের রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায়, ডিইউপির সঙ্গে সখ্যতায় নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ব্রিটিশ সরকারের যে ভূমিকা রয়েছে, তা ধরে রাখা কঠিন হবে।
আর যুক্তরাজ্যের রাজনীতির দৃষ্টিকোণ থেকে বলা যায়, কানজারভেটিভ পার্টি এমন একটি দলের সঙ্গে ঝুলে থাকবে, যাদের ‘সামাজিকভাবে উদারতার’র কোনো পরিচিত নেই।
ঝুঁকি রয়েছে ব্রেক্সিট প্রক্রিয়াতেও । এক্ষেত্রে মূল ইস্যু হবে আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের সীমানা। সীমান্ত চৌকি এবং সীমান্তরক্ষীদের সরিয়ে নেওয়া ও পুনঃস্থাপন নিয়ে সবার মধ্যেই একধরনের দুশ্চিন্তা কাজ করছিল। বিষয়টি নিয়ে বিভক্তি ও সহিংসতার শঙ্কাও করছিলেন অনেকে।
উত্তর আয়ারল্যান্ডের ডিইউপি এ বিষয়টিকে কনজারভেটিভদের সঙ্গে দর কষাকষির ইস্যু করতে পারে বলেও আশঙ্কা অনেক এমপির।
ডিইউপি সঙ্গে থাকলেও পার্লামেন্টে জটিল ও বিতর্কিত কোনো আইন পাসের ক্ষেত্রে সব সময় তাদের পাশে পাওয়াটা কনজারভেটিভদের জন্য কঠিন হতে পারে বলে বিবিসির বিশ্লেষণ।
