২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ফিলিপিন্সের ১৩ সৈন্য নিহত

দক্ষিণাঞ্চলীয় মারাউয়ি শহরের দখল নিয়ে ইসলামিক স্টেটের (আইএস) মিত্র জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ফিলিপিন্স মেরিনের ১৩ সৈন্য নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 02:08 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

শনিবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জো-আর হাররেরা।

শুক্রবার শত্রু অবস্থানে অভিযানের সময় দুপক্ষের মধ্যে ‘তীব্র লড়াইয়ে’ এসব সৈন্য নিহত হয় বলে জানিয়েছেন তিনি।

এদের নিয়ে মারাউয়ির লড়াইয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর ৫৮ জন সদস্য নিহত হল। পাশাপাশি এ লড়াইয়ে শতাধিক বিদ্রোহী যোদ্ধা ও অন্তত ২০ জন বেসামরিক নিহত হয়েছে।

ফিলিপিন্সের সামরিক বাহিনী উন্নতমানের অস্ত্রশস্ত্রে সজ্জিত ও সংখ্যাগরিষ্ঠ হলেও স্বল্পপরিচিত মউত জঙ্গিগোষ্ঠীর যোদ্ধারা নিজেদের হিংস্র শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আগামী সোমবার (১২ জুন) ফিলিপিন্সের স্বাধীনতা দিবস। ওই দিনের মধ্যে মারাউয়ি শহর মুক্ত করার ঘোষণা দিয়েছে ফিলিপিন্সের সামরিক বাহিনী।