২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিংহাসন ছাড়তে আর বাধা নেই জাপান সম্রাটের

সিংহাসন ছাড়তে আর কোনও বাধা নেই জাপানি সম্রাট আকিহিতোর। শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষে আইন আকারে সম্রাট আকিহিতোর স্বেচ্ছায় সিংহাসন ছাড়ার বিল পাশের পর সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 05:24 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

সরকার বলছে, এ আইন কেবলমাত্র সম্রাট আকিহিতোর ক্ষেত্রেই বলবৎ থাকবে। শুক্রবার সকালে জাপানের সংসদের নির্ধারিত উচ্চকক্ষের বৈঠকের পর মন্ত্রীপরিষদ সচিব ইয়াশিদা সুগা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সম্রাট আকিহিতোর জন্মদিনকে কেন্দ্র করে দেশটিতে যে বর্ষপুঞ্জিকা প্রচলিত আছে সেই নেনগোর  শেষ সাল হচ্ছে চলতি (২৯ তম) বছর। আগামী বছরের মধ্যে পরবর্তী জাপান সম্রাট নারুহিতোর কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে কাজ করবে সরকার।

এর আগে গত সপ্তাহে জাতীয় সংসদের নিম্ন কক্ষে চলা অধিবেশনের মধ্যে দিয়ে আলোচিত এ বিল অনুমোদন হয়। এদিন সংসদ থাকা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি ছাড়াও অন্য ছয়টি দলের সাংসদরা উপস্থিত ছিলেন।

অনুমোদিত বিলে বলা হয়েছে, আইন আকারে বিল প্রকাশের পরবর্তী তিন বছরের মধ্যে কেবলমাত্র সম্রাট আকিহিতো স্বেচ্ছায় সিংহাসন ছাড়তে পারবেন। একই সাথে রানিও তার কর্তৃত্ব হারাবেন।

৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো গতবছর অগাস্টে বয়স ও রুগ্নস্বাস্থ্যের কারণে ঠিকঠাকমত দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে এক রাষ্ট্রীয় টেলিভিশন বার্তায় সিংহাসন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

কিন্তু জাপানের বিদ্যমান আইনে সম্রাটের সিংহাসন ত্যাগের বিধান না থাকায় দেশটির আইনজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ অনুযায়ী, শিনজো আবে সরকার আইন করে সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার সুযোগ করে দেয়।

এর আগের সপ্তাহে পার্লামেন্টে বিলটি ওঠার পর, বিরোধীদল সম্রাটদের সিংহাসন ছাড়ার আইনটি অন্যান্য সম্রাটের ক্ষেত্রেও যাতে কার্যকর থাকে সে দাবি তোলে। কিন্তু সরকারি সাংসদরা তার বিরোধিতা করলে বিলটি অনুমোদনের পর বিরোধদলীয় সাংসদরা ওয়াক আউট করে।

এই সময় সংসদে মন্ত্রিসভার মূখ্য সচিব ইয়াশিদা সুগা বলেন, বিলটি কেবল চলতি সম্রাটের অপসারণে কার্যকর হবে। অন্যান্য সম্রাটের জন্য বিল পাশ করতে গেলে আমাদেরকে আগে দেশের জনগণের মতামত নিতে হবে। তারপর চাইলে পার্লামেন্ট সদস্যরা চিরস্থায়ীভাবে বিল করতে পারেন।

সম্রাটের আইন অনুযায়ী, কেবলমাত্র সম্রাটের রক্তবহন করে এমন পুরুষ সদস্যরা পরবর্তী সম্রাট হওয়ার সুযোগ পান। আর সে অনুযায়ী আকিহিতোর ছেলে ৫৫ বছর বয়সী যুবরাজ নারুহিতো ক্ষমতা পাচ্ছেন।

সম্রাট আকিহিতোর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে। তার প্রোস্টেট ক্যানসারও রয়েছে। ১৯৮৯ সালে বাবা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হয়েছিলেন আকিহিতো। জাপানিদের কাছে তিনি খুবই জনপ্রিয় এবং সম্মানিত একজন সম্রাট।

তবে বিভিন্ন সময় দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, ২০১৮ সালের ডিসেম্বরে সম্রাটের জন্মদিনেই নতুন সম্রাট নারুহিতো মুকুট পরতে পারেন।