২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে হামলা: গ্রেপ্তার আরও ৩

লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 02:49 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

বুধবার রাতে পূর্ব লন্ডনের দুইটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সন্ত্রাস-দমন কর্মকর্তারা।

মেট্রোপলিটন পুলিশ জানায়, ইলফোর্ডের একটি সড়ক থেকে দুই ব্যক্তিকে এবং কাছের একটি বাড়ি থেকে তৃতীয় আরেক ব্যক্তিকে আটক করা হয়।

সড়ক থেকে আটক দুই ব্যক্তির মধ্যে একজনের বয়স ২৭, সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে সন্দেহে তাকে আটক করা হয়। আটক ৩৩ বছরের অন্য ব্যক্তিকে নিষিদ্ধ মাদক সরবরাহকারী সন্দেহ করা হচ্ছে।

গত শনিবারের ওই হামলার ঘটনায় এ নিয়ে ১৭ জনকে আটক করা হলো। যাদের মধ্যে পাঁচ জন পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

লন্ডন ব্রিজ ও বারা মার্কেট এলাকায় ওই হামলায় মোট আট জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়।

আহতদের মধ্যে ২৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে বুধবার জানায় এনএইচএস ইংল্যান্ড।

তিন হামলাকারী প্রথমে লন্ডন ব্রিজে পথচারীদের উপর একটি ভ্যান চালিয়ে দেয় এবং পরে ছুরি হাতে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে।

বুধবার টেমস নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই মৃতদেহ ধরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে আট হয়েছে।