২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের কাতারযাত্রায় ফিলিপিন্সের নিষেধাজ্ঞা

কাতারের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের কূটনৈতিক বিরোধের প্রেক্ষাপটে ফিলিপিন্স সরকার সাময়িকভাবে দেশটিতে শ্রমিক পাঠানো নিষিদ্ধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 08:50 AM

Updated : 11 Apr 2022, 11:43 PM

আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর। দেশগুলোর অভিযোগ, ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে ‘মদদ দিচ্ছে’ কাতার।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফিলিপিন্সের ২০ লাখের বেশি শ্রমিক কাজ করে। যাদের মধ্যে কাতারে আছে এক লাখ ৪০ হাজারের বেশি শ্রমিক।

ফিলিপিন্স সরকার চলমান সঙ্কটে বিদেশে থাকা শ্রমিকদের উপর ‘কি প্রভাব পড়ে’ তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির শ্রমমন্ত্রী সিলভেস্তার বেলো বলেন, পরিস্থিতির পূর্ণ মূল্যায়ন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

“চারিদিকে মারাত্মক সব গুজব শোনা যাচ্ছে। বলা হচ্ছে, সেখানে কোনো কিছুই আর ঠিকঠাক নেই।”

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফিলিপিন্সের শ্রমিকরা সাধারণত গৃহকর্মী, জাহাজের ক্রু, নির্মাণ শ্রমিক এবং সেবিকা হিসেবে কাজ করে।

ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর বৈদেশিক শ্রমিকদের পাঠানো অর্থ তাদের মোট জিডিপির ১০ শতাংশ ছিল।

অর্থের আকারে যা ২৬ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেশীরা সম্পর্ক ছিন্ন করায় কাতারের জন্য মূল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে খাদ্য সঙ্কট।

কাতার প্রায় ৯০ শতাংশ খাবার আমদানী করে। যার বেশিরভাগই সৌদি আরব থেকে আমদানী করা হয়।

সম্পর্ক ছিন্নের কারণে কাতার খাদ্য সঙ্কটে পড়ার ঝুঁকিতে রয়েছে।

পুরনো খবর:

কাতারে থাকা বাংলাদেশিদের আতঙ্কিত না হতে আহ্বান