২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় পুলিশ হত্যাকারী বন্দুকধারী গুলিতে নিহত

অস্ট্রেলিয়ায় এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যার পর একটি খামারে আত্মগোপন করে থাকা এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 06:15 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে কুইন্সল্যান্ডে রিক ম্যাডিসন নামের ওই বন্দুকধারীর গাড়ি থামিয়েছিল জ্যেষ্ঠ পুলিশ কনস্টেবল ব্রেট ফোর্ট, তখন ম্যাডিসনের গুলিতে নিহত হন ফোর্ট।

ফোর্টকে গুলি করার পর ম্যাডিসন নিকটবর্তী একটি খামারে আত্মগোপন করে। পুলিশ খামারটি ঘিরে ফেললে সারারাত সেখানেই অবস্থান করে ম্যাডিসন।

সোমবার খামারটির চারদিকে বেস্টনি দিয়ে কর্তৃপক্ষ সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে। সন্ধ্যায় খামরারে নিকটবর্তী বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

প্রায় মধ্যরাতের দিকে ম্যাডিসনের সঙ্গে আলোচনা শুরু করে কর্তৃপক্ষ। ‘শান্তিপূর্ণভাবে’ তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হয়।  

কিন্তু এক পর্যায়ে পুলিশের দিকে গুলি ছুড়ে সে। রাত ১১টার দিকের এ ঘটনায় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।  

এ সময় পুলিশের গুলিতে ম্যাডিসন নিহত হলে ১৮ ঘণ্টা পর অচলাবস্থার অবসান হয় বলে মঙ্গলবার জানিয়েছেন কুইন্সল্যান্ড পুলিশের সহকারী কমিশনার টনি রাইট।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সে পুলিশের দিকে গুলি ছুড়েছিল। জবাবে স্পেশালিস্ট পুলিশ পাল্টা গুলি ছুড়ে। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” 

ম্যাডিসন ‘ফেরারি’ ছিল বলে জানিয়েছেন রাইট।