ফি না দিয়ে এভারেস্টে ওঠার চেষ্টা, পরে গ্রেপ্তার
কোনও ফি না দিয়ে এভারেস্টে ওঠার চেষ্টা করায় এক পর্বতারোহীকে আটক করেছে নেপালের পুলিশ।
এভারেস্টে উঠতে হলে আগে ১১ হাজার ডলার ফি দিয়ে অনুমতি নেওয়াটাই নিয়ম।
কিন্তু তা না করে পর্বতমালার বেজ ক্যাম্প থেকে ১৫৪ কিলোমিটার যাত্রার বেশির ভাগ পথই হেটে পাড়ি দেওয়ার পর ওই ব্যক্তি কাঠমাণ্ডুতে গ্রেপ্তার হন। তার নাম রায়ান সিন ডেভি।
তিনি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান। বয়স ৪৩ বছর। বুধবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে এবং তার মোটা অঙ্কের জরিমানা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেভির এক নেপালি বন্ধু মোহন গয়াওয়ালি বিবিসি কে বলেছেন, তার কাছে কোন অর্থ না থাকায় সে হেটে বেড়ায়। সে ভাল মনের মানুষ। তবে তার আর্থিক অবস্থা এবং এখন তার কী শাস্তি হয় তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
একা এভারেস্টে ওঠার ঘটনা বিরল। ডেভি কোনওরকম সাহায্য ছাড়াই একা এভারেস্টে উঠেন। এভারেস্টের ২৪ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠেছিলেন তিনি। পরে কর্মকর্তারা তাকে একটি গুহায় খুঁজে পান এবং এভারেস্টে ওঠার অনুমতি না থাকায় তার পাসপোর্ট জব্দ করেন।
অনুমতি ছাড়া এভারেস্টের ওঠার জন্য ডেভি ক্ষমা চেয়েছেন। তবে তিনি কর্মকর্তাদের তার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগও করেছেন।
