২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যেকোনও সময়’ ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি উত্তর কোরিয়ার

মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা জানানোর পর উত্তর কোরিয়া ফের জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে ‘যে কোনও সময়, যে কোনও স্থান’ থেকে এ ধরনের পরীক্ষা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 May 2017, 10:03 PM

Updated : 25 Jul 2022, 08:58 PM

চীনে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জি জায়ে রায়ঙ সোমবার বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, “উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ইচ্ছাতে যে কোনও সময় এবং যে কোনও স্থানে আইসিবিএমএস এর পরীক্ষা চালানো হবে।”

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ বার্তা সংস্থার খবরে বলা হয়, রোববারের পরীক্ষায় ওয়ারহেডের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা যাচাই করা হয়েছে।

“এটি বায়ুমণ্ডলে ফিরে আসার সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও টিকে থাকতে সক্ষম হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবে। এটির বড় ধরনের ভারী পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতাও যাচাই করা হয়েছে।”

অ্যারোস্পেস বিশেষজ্ঞ জন স্চিলিং বলেন, “উত্তর কোরিয়া অতীতে কখনও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এতটা সফল ছিল না।”

“মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর কোরিয়া হয়ত বাস্তবেই যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে আঘাত হানতে সক্ষম হয়ে উঠেছে। কিন্তু রোববারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু তাদের সেই সক্ষমতার কথাই বলছে না। বরং এটি তাদের আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে সুনির্দিষ্ট অগ্রগতির গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে।”

রোববার উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার পূর্ব সীমান্তের কাছে সাগরে গিয়ে পড়ে।

কেসিএনএ জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় যেন বিঘ্ন না ঘটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় তার প্রতি লক্ষ্য রাখা হয়েছিল, তাই ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে বড় অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে; এটি উপরের দিকে দুই হাজার ১১১ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত উঠে ৭৮৭ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রোববার পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি যে উচ্চতায় পৌঁছেছিল তাতে বোঝা যায় এটি ‍উঁচুতেই ছোড়া হয়েছিল, এতে এর গমনপথ সংক্ষিপ্ত হয়। কিন্তু প্রচলিত গমনপথ অনুসরণ করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলে এটি অন্তত ৪,০০০ কিলোমিটার (২,৫০০ মাইল) পথ অতিক্রম করত।

নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, যেসব দেশের ‘পারমাণবিক অস্ত্র নেই’ যুক্তরাষ্ট্র তাদের নিয়মিত ‘ভয় দেখায়’।

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড উত্তর কোরিয়ার ‘হামলার আওতায় আছে’ জানিয়ে এই বাস্তবতাকে অস্বীকার না করতে ওয়াশিংটনকে সতর্ক করে দেন তিনি।  

অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়নের চেষ্টা করছে উত্তর কোরিয়া। এজন্য আট হাজার কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে সক্ষম এবং এমন প্রযুক্তির প্রয়োজন যেটি ওয়ারহেডকে পুনরায় বায়ুমণ্ডলে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করবে।

যুক্তরাষ্ট্রকে বরাবরই ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে আসা উত্তর কোরিয়া সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে ওয়াশিংটনের সামরিক মহড়া কোরিয়া উপদ্বীপকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে।