২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৫ ইরাকিকে মেরে খুঁটিতে ঝোলাল আইএস

ইরাকে মসুলের পশ্চিমাঞ্চল থেকে পলায়নপর ১৪৫ জনের বেশি ইরাকিকে খুন করে তাদের লাশ রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 11:02 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

ইন্ডিয়া টাইমস জানায়, ওই কর্মকর্তা ইরাকের ‘ইফে নিউজ’ কে বলেছেন, পশ্চিম মসুলের কাছে আল-জানজিলি শহর থেকে ইরাকিরা পালানোর চেষ্টা করার সময় আইএসের হাতে ধরা পড়ে। এরপরই খিলাফত ছেড়ে যাওয়ার অভিযোগে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে খুন করে জঙ্গিরা লাশগুলো খুঁটিতে ঝুলিয়ে দেয়।

ইরাকি নিরাপত্তা বাহিনীকে তথ্য সরবরাহের অভিযোগও ইরাকি নাগরিকদের বিরুদ্ধে করেছে আইএস।

ইরাকের সরকারি বাহিনী বর্তমানে মসুলের পশ্চিমাঞ্চল থেকে আইএস জঙ্গিদের তাড়িয়ে দিতে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় এখনও কিছু অধিবাসী আইএস এর কবলে রয়েছে।