সিনাইয়ে সাঁজোয়া যানে বোমা হামলায় মিশরীয় কর্নেল নিহত
মিশরের সিনাই উপদ্বীপে সামরিক বাহিনীর একটি সাঁজোয়া যানে বোমা হামলায় এক কর্নেল নিহত হয়েছে।
রোববারের এই হামলায় সামরিক বাহিনীর আরো তিন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।
সিনাইতে মিশরীয় নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) অনুগত স্থানীয় একটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। এই জঙ্গিগোষ্ঠীটি এ পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর কয়েকশত সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গোষ্ঠীটি সিনাই ছাড়িয়ে ইদানিং মিশরের অন্যান্য এলাকায়ও হামলা চালানো শুরু করেছে। সম্প্রতি রাজধানী কায়রোতে ও অন্যান্য শহরে গির্জায় বোমা হামলা চালিয়ে তারা বহু বেসামরিককে হত্যা করেছে।
গত সপ্তাহে জঙ্গিরা সিনাইয়ের তারাবীন উপজাতীয়দের একটি দলের ১২ সদস্যকে গুলি করে হত্যা করে। জঙ্গিদের প্রতিরোধ করতে তারাবীনদের অস্ত্রে সজ্জিত করেছিল দেশটির সেনাবাহিনী।
আইএস রোববার এক বিবৃতিতে দাবি করেছে, তাদের এক সদস্য তারাবীনদেরে একটি জমায়েতে বিস্ফোরক ভর্তি মোটরসাইকেল চালিয়ে নিয়ে আত্মঘাতী বিস্ফোরণে ১৫ জনকে হত্যা করেছে এবং বিস্ফোরণে সামরিক রসদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইএসের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মিশরীয় সেনাবাহিনী।
