এফবিআই আমাকে নিয়ে তদন্ত করছে না: ট্রাম্প
রাশিয়ার সঙ্গে তার প্রচারশিবিরের আঁতাত নিয়ে তদন্ত করছিলেন বলে জেমস কোমিকে বরখাস্ত হতে হয়েছে; এমন দাবি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেছেন, সাবেক এফবিআই পরিচালক ‘নিজেকে জাহির করতেন’।
ভোটের আগে হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারি নিয়ে তদন্ত কাজ ‘ঠিকঠাক মত করতে না পারার’ অভিযোগ তুলে মঙ্গলবার কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
হোয়াইট হাউজের পক্ষ থেকে তখন বলা হয়, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের ভিত্তিতেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।
কোমিকে বরখাস্ত করার পর বৃহস্পতিবার প্রথম গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (কোমি) নিজেকে জাহির করেন। তিনি অন্যের কাছে নিজেকে দারুণ দক্ষ দেখাতে চান। তার আমলে এফবিআই ডুবতে বসেছিল। আপনি সেটা জানেন, আমিও সেটা জানি, সবাই সেটা জানে।”
কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত তার নিজের বলেও জানান ট্রাম্প।
বরখাস্ত হওয়ার আগে ট্রাম্পের নির্বাচনকালীন প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাত নিয়ে আরও বিস্তারিত তদন্ত করতে চেয়েছিলেন কোমি।
এজন্য আইনপ্রণেতাদের কাছে আরও বেশি সুবিধা পাওয়ার অনুরোধও জানিয়েছিলেন তিনি। মার্কিন কর্মকর্তারা বুধবার একথা জানান।
এ বিষয়ে ট্রাম্প বলেন, তাকে নিয়ে তদন্ত হচ্ছে কিনা তা তিনি কোমির কাছে জানতে চেয়েছিলেন।
“আমি তাকে বলেছি, যদি সম্ভব হয় তবে আমাকে জানান, আমাকে নিয়ে কি তদন্ত হচ্ছে? সে বলেছে, ‘আপনাকে নিয়ে তদন্ত হচ্ছে না’।”
“আমি জানি, আমাকে নিয়ে তদন্ত হচ্ছে না।”
