২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া নিয়ে বিস্তারিত তদন্ত চেয়েছিলেন কোমি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান জেমস কোমি বরখাস্ত হওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনকালীন প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাত নিয়ে আরও বিস্তারিত তদন্ত চেয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 06:04 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

বরখাস্ত হওয়ার কিছুদিন আগেই কোমি গতবছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্তের জন্য আইনপ্রণেতাদের কাছে আরও বেশি সুবিধা পাওয়ার অনুরোধ জানান।

মার্কিন কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। এতে করে ট্রাম্প তার প্রেসিডেন্সির জন্য হুমকি হয়ে উঠতে পারে এমন একটি তদন্ত ব্যাহত করার চেষ্টা করছেন বলে উদ্বেগ আরও বাড়ল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইনের কাছে কোমির ওই বাড়তি সুবিধা পাওয়ার অনুরোধ প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত আদৌ পৌঁছেছিল কিনা তা জানা যায়নি।

তবে কোমি আরও জোরেসোরে তদন্ত করতে চাইছিলেন এ বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ায় এখন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই রাজনৈতিক দলের পক্ষ থেকেই কোমিকে হুট করে বরখাস্ত করার নেপথ্যের কারণে ব্যাখ্যার জন্য হোয়াইট হাউসের ওপর চাপ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন একটি বিষয় নিয়ে তদন্তের দেখাশোনা করা একজন আইনপ্রয়োগকারী কর্মকর্তাকে বরখাস্ত করলেন।

কোমি বরখাস্ত হওয়ার পরপরই ডেমোক্র্যাটরা অভিযোগ করে বলেছে,  ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়েতদন্ত করছিলেন বলেই তাকে বরখাস্ত হতে হয়েছে। হিলারি ক্লিনটনের ইমেইল তদন্তে সঠিক তথ্য দিতে না পারার কারণে তাকে বরখাস্তের যে যুক্তি ট্রাম্প প্রশাসন দেখিয়েছে তা অজুহাত মাত্র।

ওদিকে, রিপাবলিকানরাও রাশিয়া নিয়ে এফবিআইএ’র তদন্ত চলার সময়ে কোমিকে বরখাস্ত করার কোনও প্রয়োজন ছিল না বলে সমালোচনা করেছে।

তবে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে হোয়াইট হাউজ বলেছে, কোমির ওপর কয়েকমাস থেকেই আস্থা হারাচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাছাড়া, হিলারির ইমেইল তদন্তে কোমির ভূমিকা নিয়ে বিচারবিভাগের কর্মকর্তারাসহ অ্যাটর্নি জেনারেলের তীব্র সমালোচনা এবং চাপের মুখেই ট্রাম্পকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছে।

ট্রাম্পের সিদ্ধান্তের ফলে রাশিয়ার বিষয়টি নিয়ে এফবিআই তদন্ত গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।

রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের বিষয়টি ট্রাম্পের প্রেসিডেন্সির শুরু থেকেই তার ওপর ছায়া ফেলে আসছে। যদিও ট্রাম্প বরাবরই রাশিয়ার সঙ্গে তার কোনও যোগাযোগ থাকা কিংবা প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার সমন্বয়ের ব্যাপারে কোনও কিছু জানা থাকার কথা অস্বীকার করে আসছেন।