কোমিকে বরখাস্তের জন্য আমাকে ধন্যবাদ দিন: ট্রাম্প
এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার জন্য ডেমোক্রাটিক ও রিপাবলিকান দলের আইনপ্রেণেতারা তাকে ‘ধন্যবাদ’ দেবেন বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প।
ভোটের আগে হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারি নিয়ে তদন্ত কাজ ‘ঠিকঠাক মত করতে না পারার’ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে মঙ্গলবার বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের ভিত্তিতেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন বলে হোয়াইট হাউজের ভাষ্য।
যদিও ডেমোক্রাটদের অভিযোগ, ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে তদন্ত করছিলেন বলেই কোমিকে বরখাস্ত হতে হলো।
হাউজ ইন্টেলিজেন্স কমিটির সর্বোচ্চ পদধারী ডেমোক্রাট অ্যাডাম স্চিফ বলেন, “এ বরখাস্তের পর নিদারুণভাবে একটি প্রশ্নই উঠছে, হোয়াইট হাউজ কি নির্লজ্জভাবে অপরাধ বিষয়ে হস্তক্ষেপ শুরু করেছে?”
তবে নিজের অবস্থানের পক্ষে বুধবার সকালে ট্রাম্পের টুইট, “এফবিআই পরিচালকের পদে জেমস কোমির চাইতে যোগ্য কাউকে নিয়োগ দেওয়া হবে এবং এফবিআইয়ের সম্মান ও কর্মক্ষমতা আবারও ফিরিয়ে আনা হবে।”
“কোমি ওয়াশিংটন, রিপাবলিক এবং ডেমোক্রাটসহ প্রায় সবার আস্থা হারিয়েছেন। যখন সবকিছু আবার শান্ত হবে তখন তারা আমাকে এজন্য ধন্যবাদ দেবে।”
কোমিকে বরখাস্তে ডেমোক্রাটদের প্রতিক্রিয়ার জবাবে ট্রাম্প বলেন, “জেমস কোমি সম্পর্কে ডেমোক্রাটরাই সবচেয় খারাপ কথা বলেছ, এমনকি তারা কোমিকে বরখাস্ত করা উচিত বলেও মন্তব্য করেছে। কিন্তু এখন তারা খুব দুঃখি হওয়ার অভিনয় করছে।”
গত সপ্তাহে কংগ্রেসের শুনানিতে হিলারির ইমেইল নিয়ে কোমি পুরোপুরি সঠিক তথ্য দেননি বলা হয়।
কোমিকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেছেন, “অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমিও একমত যে আপনি আর এফবিআইয়ের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন।”
জেফ সেশনস বলেছেন, ডিপার্টমেন্ট অব জাস্টিস সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা, সততা ও আইনের শাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এ কারণেই ওই পদে নতুন মুখ প্রয়োজন।
বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
দায়িত্ব গ্রহণের পর এই প্রথম রাশিয়ার কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন তিনি।
কোমিকে বরখাস্তের পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একে যুক্তরাষ্ট্রের ‘আভ্যন্তরীণ বিষয়’ বলে বর্ণনা করেন।
পেসকভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস এর খবরে বলা হয়, “এ বিষয়ে রাশিয়ার কিছু করার নেই এবং রাশিয়ার সঙ্গে এটা নিয়ে কিছু করাও উচিত হবে না।”
