২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিজের নির্দেশে কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত

সাবেক ভারতীয় নৌ কর্মকর্তা কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর না করতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 08:45 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, পাকিস্তান সরকার বিষয়টি ‘পরীক্ষা করে দেখছে’।

গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ১০ এপ্রিল পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে মৃতুদণ্ড দেয়। যা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

ওই রায়ের পর দিল্লি থেকে এক বিবৃতিতে একে ‘পরিকল্পিত খুন’ বলেই গণ্য করা হবে, হুমকি দেওয়া হয়।

২০১৬ সালের ৩ মার্চ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে কুলভূষণকে গ্রেপ্তার করা হয়। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছে এবং ভারত এতে মদদ দিচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান।

আইসিজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ভারত ৮ মে (কুলভূষণ যাদবের বিষয়ে) প্রতিবেশী দেশের বিরুদ্ধে হেগে অবস্থিত আদালতের দ্বারস্ত হয়।”

“তাদের অভিযোগ, যাদবকে শাস্তি দিয়ে ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা চুক্তির গুরতর লঙ্ঘন করেছে।” 

সিএনএন এর খবরে বলা হয়, ভারত আইসিজের কাছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর আটকাতে পাকিস্তানকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেছে।

আইসিজেতে ভারতের অভিযোগ, কুলভূষণকে ইরান থেকে ‘অপরহণ’ করা হয়েছে।

নৌবাহিনী থেকে অবসরের পর ব্যবসার কাজে কুলভূষণ ইরান যান বলে দাবি ভারতীয় কর্মকর্তাদের।

তারা বলেন, গ্রেপ্তারের প্রায় তিন সপ্তাহ পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কুলভূষণের বিষয়টি জানতে পারেন।

ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বেশ কয়েকবার কুলভূষণের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানান তারা, যা ভিয়েনা চুক্তির লঙ্ঘন।

পুরনো খবর:

কূলভূষণকে নিয়ে ভারতের হম্বিতম্বি ঘৃণা বাড়াচ্ছে: পাকিস্তান
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয়র মৃত্যুদণ্ড