পার্লামেন্টে শিশুকে স্তন্যপান করালেন এমপি
পার্লামেন্টের অধিবেশন কক্ষে প্রথমবারের মত সন্তানকে বুকের দুধ পান করিয়ে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডের এক সিনেটর।
বামপন্থি গ্রিনস পার্টির সিনেটর লারিসা ওয়াটারস তার দুই মাস বয়সী শিশুকন্যা আলিয়া জয়কে মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে ভোট চলাকালে স্তন্যপান পান করান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
গত বছর অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে শিশুকে বুকের দুধ পান করানোর অনুমতি দেওয়া হয়। কিন্তু ওয়াটারসের আগে কোনও এমপি’ই তা করেননি।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও শিশুকে বুকের দুধ পান করানোর নিয়ম ২০০৩ সাল থেকেই আছে। কিন্তু ওয়াটারস সিনেটে বৈঠক চলাকালেও সন্তানকে স্তন্যপান করানোর অধিকারের বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন। আর এখন তা বাস্তবায়ন করে অস্ট্রেলিয়ার ইতিহাসে তিনি প্রথম রাজনীতিবিদ হিসাবে নাম লেখালেন।
শিশুকে বুকের দুধ পান করানোর পর ওয়াটারস বলেন, “ফেডারেল পার্লামেন্টে মায়ের দুধ পান করা প্রথম শিশু হিসেবে মেয়ে আলিয়ার জন্য আমি গর্ববোধ করছি। আমাদের পার্লামেন্টে আরও নারী ও বাবা-মা প্রয়োজন। সেইসঙ্গে কাজের জায়গাটি এমন হওয়া উচিত যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্রত্যেকেই প্রত্যেকের সন্তানের যত্ন নিতে পারে।”
