ককপিটে নারী ডেকে এনে যাত্রীদের জীবন বিপন্ন
ককপিটে এক নারীকে ডেকে এনে দু’ঘন্টারও বেশি সময় ধরে সেখানে রেখে যাত্রীদের জীবনের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়েছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এক পাইলট।
‘জিও নিউজ’ এর খবরে বলা হয়, টোকিও থেকে বেইজিংগামী পিআইএ’র পিকে-৮৫৩ ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে থাকা ক্যাপ্টেন শাহজাদ আজিজকে এ কাণ্ডের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ সপ্তাহের শুরুতে এ ঘটনা ঘটে। জিও নিউজের একজন প্রতিবেদক ওই ফ্লাইটে ছিলেন। উড়োজাহাজটি বেইজিংয়ে অবতরণের পর ককপিট থেকে চীনা এক তরুণীর বেরিয়ে আসার দৃশ্য তিনি মোবাইল ফোনে ধারণ করেন।
তিনি বলেন, দুই ঘণ্টার বেশি সময়ের যাত্রা শেষে উড়োজাহাজটি অবতরণের পর ওই তরুণী ককপিট থেকে বেরিয়ে আসেন।
“অর্থাৎ, এত সময় ধরে তিনি পাইলট ও ফার্স্ট অফিসারের সঙ্গে ককপিটেই ছিলেন। মাঝে মাঝে ফার্স্ট অফিসার ককপিট থেকে বাইরে বেরিয়ে এলে শুধুমাত্র পাইলট এবং ওই তরুণী সেখানে ছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করি, তিনি পাইলটের বন্ধু বা আত্মীয় কিনা? তিনি কোনও জবাব দেননি।”
আইনানুযায়ী, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বিধায় বিমান উড্ডয়নের সময়টিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ ককপিটে প্রবেশ করতে পারে না। উড়োজাহাজের সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে কেউ যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার দায়িত্ব পাইলটের।
তবে পিআইএ পাইলটের যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার এমন উদ্ভট কাণ্ড এই প্রথম নয়।
গত মাসে পিআইএর জ্যেষ্ঠ পাইলট আমির হাশমি ইসলামাবাদ থেকে লন্ডনগামী একটি ফ্লাইট উড্ডয়নের পরপর একজন আনাড়ি পাইলটের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে আড়াই ঘণ্টা ঘুমিয়ে নেন।
হাশমির বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান পিআইএ মুখপাত্র ডানিয়াল জিলানি।
এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে পিআইএ’ র লাহোর থেকে লন্ডনগামী একটি ফ্লাইটের পাইলট সাবেক ক্রিকেট তারকা এবং তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খানকে ককপিটে বসে ভ্রমণ করতে দেন।
এ কাণ্ডের জন্য পরে ওই পাইলটকে জবাবদিহি করতে হয়।
