স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বিশ্বের মোটা নারী ইমান
‘বিশ্বের সবচেয়ে মোটা’ নারী ইমান আব্দুলাতির স্থুলতা ছাড়াও আরও কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে আবু ধাবির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আবু ধাবির চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইমানের চামড়ায় সংক্রমণ (বেড সোর) দেখা দিয়েছে। তিনি হৃদরোগেও ভুগছেন।
আবু ধাবিতে আনার আগে ইমানকে ভারতে চিকিৎসা দেওয়া হয়।
ভারতের মুম্বাইয়ের সাইফি হাসপাতালে মার্চে ইমানের ব্যারিয়াট্রিক সার্জারি (ওজন কমানোর জন্য পাকস্থলিতে বিশেষ ধরনের অস্ত্রোপচার) হয়।
ভারতীয় চিকিৎসকদের দাবি, ৫০০ কেজির বেশি ওজন নিয়ে ভারতে যাওয়া ইমানের ২৫০ কেজি ওজন তারা কমাতে সক্ষম হয়েছেন।
যদিও ইমানের বোন শাইমা সেলিমের দাবি, ওজন নিয়ে ভারতীয় চিকিৎসকরা ‘মিথ্যাচার’ করেছেন।
আবুধাবির বুর্জেল হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নানান বিভাগের ২০ সদস্যের চিকিৎসক দল ইমানকে চিকিৎসা দিচ্ছেন।
“বর্তমানে তিনি নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। হৃৎপিন্ডে সমস্যা দেখা দেওয়ার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ব্যারিয়াস্ট্রিক সংক্রমণও হয়েছে। এছাড়া তার শরীরে তৃতীয় মাত্রার বেড সোর দেখা দিয়েছে।”
“আমাদের প্রাথমিক লক্ষ্য ইমানকে বসতে এবং পরবর্তীতে কারও সাহায্য ছাড়াই বসতে সক্ষম করে তোলা। তবে এই মুহূর্তে আমরা তার স্বাস্থ্যের উন্নতির দিকেই বেশি মনযোগ দিচ্ছি।”
ফেব্রুয়ারিতে বিশেষ বিমানে করে মিশর থেকে ইমানকে ভারতে নেওয়া হয়। ৫০৮ কেজি ওজনের ইমানকে বিশ্বের সবচেয়ে মোটা নারী বলে ধারণা করা হয়।
