আগামী ৫ বছর ফ্রান্সকে নেতৃত্ব দেবেন কে?
ফ্রান্সে পরবর্তী পাঁচ বছরের নেতৃত্ব দেবেন কে? ইউরোপীয় ইউনিয়নপন্থি ইমানুয়েল ম্যাক্রোঁ না অভিবাসন-বিরোধী কট্টর-ডানপন্থি মারিন লো পেন, সেটিই বেছে নিচ্ছেন ভোটাররা।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকা এই দুই প্রার্থী রোববারের রানঅফ ভোটে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই দুজনের মধ্যে একজন হতে যাচ্ছেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট।
রানঅফ ভোটের সবগুলো নির্বাচনী জরিপ বলছে, প্রেসিডেন্ট হিসেবে ফরাসি ভোটাররা ৩৯ বছর বয়সী ম্যাক্রোঁকেই বেছে নেবেন।
বেলজিয়ান সরকারি সম্প্রচারমাধ্যম আরটিবিএফ এর জরিপ বলছে, ম্যাক্রোঁ ৬২ থেকে ৬৪ শতাংশ ভোট পেতে পারেন। এর আগে শুক্রবারের জরিপে ম্যাক্রোঁ ৬১ দশমিক ৫ এবং ৬৩ শতাংশ ভোট পেয়েছিলেন।
সাবেক অর্থমন্ত্রী ম্যাক্রোঁ দেশের বাম-ডান বিভাজনের মধ্যে সেতুবন্ধ হতে চান, দেশজুড়ে গড়ে ওঠা প্রতিষ্ঠান-বিরোধিতার হুজুগ থামাতে চান; যে হুজুগে মার্কিনিরা ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে এবং ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করেছে।
কিন্তু অপ্রত্যাশীতভাবে ন্যাশনাল ফ্রন্ট প্রার্থী লো পেন জয়ী হলে ইইউর ভবিষ্যৎ নিশ্চিতভাবেই পতনের দ্বারপ্রান্তে চলে যাবে।
শেষ জনমত জরিপগুলোতে দেখা গেছে, জনসমর্থনে লো পেনের চেয়ে প্রায় ২৩ থেকে ২৬ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন ম্যাক্রোঁ।
গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটেও জনমত জরিপের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে, ওই পর্বে জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী ম্যাক্রোঁই পেয়েছেন সর্বাধিক ভোট।
বুধবার দুই প্রার্থীর শেষ নির্বাচনী বিতর্কে দুজনের মধ্যে তীব্র, তিক্ত বাকযুদ্ধ হয়; এরপর জনমত জরিপে লো পেনকে আরো ছাড়িয়ে যান ম্যাক্রোঁ। জনমত জরিপে ম্যাক্রোঁ এগিয়ে থাকায় শেয়ার মার্কেটেও চাঙ্গা ভাব দেখা যায়।
জনমত জরিপ সত্যি হলে এবং ফরাসিরা প্রথম নারী প্রেসিডেন্টের বদলে সবচেয়ে তরুণ প্রেসিডেন্টকে বেছে নিলে তার মেয়াদে কোনো ‘হানিমুন পিরিয়ড’ থাকবে না বলে জানিয়েছে ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁর সব কর্মসূচির সঙ্গে সবাই একমত না হলেও প্রায় ৬০ শতাংশ ভোটার জানিয়েছেন তারা লো পেনকে ঠেকাতে ম্যাক্রোঁকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রোববারের ভোটে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির হার অনেক কম দেখা গেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
ভোট গ্রহণের প্রথম কয়েকঘন্টায় ভোট দিয়েছে মাত্র ৬৫ দশমিক ৩ শতাংশ ভোটার। আর ভোট দেয়নি প্রায় ২৬ শতাংশ ভোটার। ভোটকেন্দ্রগুলোতে অনেকগুলো গণমাধ্যমের প্রবেশও নিষিদ্ধ ছিল।
রাশিয়ায় বসবাস করা প্রায় ৫ হাজার ৫শ ফরাসি নাগরিক ভোটের জন্য নাম নিবন্ধন করেছে। তাদের অনেকেই রাশিয়ার ফরাসি দূতাবাসে ভোট দিয়েছে।
