২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ভোটের আগের দিন আলোচনায় প্রার্থীর তথ্য ফাঁস

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফ ভোটের আগের দিন জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁর ইমেইল ফাঁস হওয়া নিয়ে ব্যাপক তোলপাড় চলছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2017, 03:14 AM

Updated : 11 Oct 2022, 01:58 PM

শুক্রবার নির্বাচনী প্রচারের সময় শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অনলাইনে প্রায় নয় গিগাবাইটের মতো ইমেল ও নির্বাচনী প্রচারের খরচ সংক্রান্ত নথি ফাঁস হয়।

ম্যাক্রোঁর প্রচার শিবির বলছে, নির্বাচনকে প্রভাবিত করতেই এসব ইমেইল ফাঁস করা হয়েছে।

গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনের দল ডেমোক্রেটিক পার্টির প্রচার শিবিরে সাইবার হামলা হয়। ভোটে পরাজয়ের জন্য একে দায়ী করে রাশিয়াকে দোষারোপ করেন তিনি। এখন ওই ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই হ্যাকিংয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ।

শনিবার তিনি বলেন, “প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় এটা হওয়ার ঝুঁকি রয়েছে বলে আমরা জানতাম। কারণ অন্যান্য জায়গায়ও এটা হয়েছে।”

এর সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

এদিকে ফাঁস হওয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সংবাদমাধ্যম ও জনগণকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ফ্রান্সের নির্বাচন কমিশন বলেছে, এটা প্রচার করলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।

শনিবার নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়, “আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগের দিন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমসহ ইন্টারনেট সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান করা সব ব্যক্তিকে দায়িত্বশীল হওয়ার এবং এই সমস্ত বিষয় (ম্যাক্রোঁর ফাঁস হওয়া ইমেইল) আদান-প্রদান না করার আহ্বান জানানো হচ্ছে। ভোটের সততাকে বিকৃত করবেন না।”

রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের রানঅফ ভোট হবে কট্টর ডানপন্থি প্রার্থী মারিঁয়ে লো পেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে ম্যাক্রোঁর।

শেষ মুহূর্তে তার নথি ফাঁস হলেও তা নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন প্যারিসে বিবিসির প্রতিনিধি হিউ স্কাইফিল্ড। কারণ হিসেবে, রানঅফের প্রচার শেষ হওয়ার আগের সর্বশেষ জরিপগুলোতে লো পেনের চেয়ে ম্যাক্রোঁর এগিয়ে থাকার কথা বলছেন তিনি।

এসব জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ভোট পেয়ে লো পেনকে পরাজিত করতে পারেন ম্যাক্রোঁ।