২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ হত্যা মামলা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করার ঘটনায় শেতাঙ্গ এক পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 May 2017, 07:00 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

ডালাস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে ইমেইলে বলা হয়,  শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ওইদিনই  আত্মসমর্পণ করেন রয় অলিভার (৩৭)।

যদিও এ ঘটনায় গত মঙ্গলবারই ব্লাচ স্প্রিংস পুলিশ ডিপার্টমেন্ট অলিভারকে বরখাস্ত করে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

গত ২৯ এপ্রিল রাতে পারিবারিক একটি অনুষ্ঠান থেকে গাড়ি চালিয়ে ফিরছিল ১৫ বছরের জর্ডান এডওয়ার্ড। গাড়িতে তার দুই ভাইও ছিল। 

গাড়ির জানালার একটি কাঁচ ভাঙ্গা থাকায় চাররাস্তার মোড়ে পুলিশ এডওয়ার্ডকে থামতে বলে। এডওয়ার্ড গাড়ি ঘুরিয়ে পুলিশের দিকে এগিয়ে যেতে থাকে।

এক পর্যায়ে পুলিশ গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি এডওয়ার্ডের মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এডওয়ার্ড ‘আক্রমণাত্মক ভাবে’ গাড়ি ঘুরিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে এগুতে থাকে।

এডওয়ার্ডের পরিবারের পক্ষ থেকে তাদের আইজীবী জানান, এডওয়ার্ডের পরিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সময়ে তারা কোনো ধরণের বিক্ষোভ সমাবেশ না করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে।

জর্ডানের পরিবার জানায়, দারুণ মেধাবী হাই স্কুলের শিক্ষার্থী জর্ডান ভালো অ্যাথলেটও ছিল।

ব্লাচ স্প্রিংস পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়, বিভাগীয় নীতি লঙ্ঘনের দায়ে অলিভারকে বরখাস্ত করা হয়েছে।

তবে অলিভার ঠিক কি করেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়, পুলিশের বডি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখার পর অলিভারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গদের মৃত্যুর ঘটনায় গত বছর যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

ডালাসেই গত বছর জুলাইয়ে এরকম একটি বিক্ষোভের মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে স্নাইপার রাইফেলের গুলিতে হত্যা করা হয়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ৫০৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১২৩ জন কৃষ্ণাঙ্গ আমেরিকান।