ওবামাকেয়ার বাতিল বিল নিয়ে হাউজে ভোট
‘ওবামাকেয়ার’ বাতিল করতে রিপাবলিকানদের নতুন স্বাস্থ্যসেবা বিল নিয়ে বৃহস্পতিবার ভোটে যাচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদ।
তবে তার আগেই বিলটিতে বাড়তি কিছু সমর্থন জোগাড় হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা গতি পেয়েছে। কয়েকজন মধ্যপন্থি রিপাবলিকান আইনপ্রণেতা যারা আগে বিলটি নিয়ে আপত্তি জানিয়েছিলেন তারা এখন এটি সমর্থনের আভাস দিয়েছেন।
বিলটি পাস হবে বলে আস্থা প্রকাশ করেছেন হাউজ সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থি। সাংবাদিকদের তিনি বলেন, “বিল পাসের জন্য যথেষ্ট ভোট আছে। বিলটি পাস হবে। এটি একটি ভাল বিল।”
বৃহস্পতিবার দিনের মধ্যভাগেই ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার বিলটি প্রক্রিয়ামাফিক একটি ধাপ পেরিয়ে হাউজে ভোটাভুটির পর্যায়ে এসেছে।
তবে প্রতিনিধি পরিষদে বিলটি খুব কম ভোটের ব্যবধানে পাস হলেও সিনেটে এটি পাসের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি রয়েছে। সেখানে কয়েকজন বিলটির বিপক্ষে মত দিলেও পুরো প্রচেষ্টা মুখ থুবড়ে পড়তে পারে।
এর আগে মার্চে একবার নতুন এ স্বাস্থ্যসেবা বিলটি কংগ্রেসে তোলার পর নিজ দলে বিরোধিতার কারণে ভোটাভুটিতে হারের শঙ্কায় সেটি প্রত্যাহার করে নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিলের পক্ষে রিপাবলিকানদের ন্যূনতম ২১৫টি ভোট না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল।
শেষ মুহূর্তে বিল প্রত্যাহারের বিষয়টি ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা ছিল।
ফলে বিল পাসের জন্য ট্রাম্প পরবর্তীতে এর পক্ষে সমর্থন জোগাড়ের চেষ্টায় নামেন। আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করে করে বিলটিতে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। চেষ্টা চালান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় চালু করা স্বাস্থ্যসেবা কর্মসূচি বদলে নতুন স্বাস্থ্যসেবা কর্মসূচি আনা ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এ কারণেই ‘ওবামাকেয়ার’ বাতিল করে নতুন ‘দ্য আমেরিকান হেলথ কেয়ার বিল’ আনা হয়েছে কংগ্রেসে।
