২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সেনার অঙ্গচ্ছেদ, পাকিস্তানকে দুষল ভারত

কাশ্মিরে দায়িত্ব পালনরত ভারতীয় দুই সেনাকে হত্যা এবং অঙ্গচ্ছেদের ঘটনায় পাকিস্তানের সেনাদের জড়িত থাকার ‘যথেষ্ট প্রমাণ’ আছে এবং এটি ‘খুবই উসকানিমূলক আচরণ’ বলে হুঁশিয়ার করেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 07:47 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

এনডিটিভির খবরে বলা হয়, ‍এ ঘটনার জের ধরে বুধবার ভারত সরকার পাকিস্তানের হাইকমিশনার আব্দুল বাসিতকে তলব করেছে এবং এ জঘন্য ঘটনার পেছনে দায়ী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ভারতের বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র গোপাল বাগলাই বলেন, “আমরা ব্যবস্থা গ্রহণের মত যথেষ্ট প্রমাণ দিয়েছি। পাকিস্তান হাই কমিশন এ ঘটনায় পাকিস্তানি সেনাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।” কিন্তু এ বিষয়ে তিনি পাকিস্তান সরকারকে জানাবেন বলে জানান।

ভারতীয় সেনাবাহিনীর নায়েব সুবেদার পরমজিত সিং এবং বিএসএফ-র কনস্টেবল প্রেম সাগর কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাহারা দিচ্ছিলেন। ওই সময় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী (বিএটি) ও সন্ত্রাসীরা তাদের গুলি করে বলে জানায় এনডিটিভি।

সোমবার সকালে ভারতীয় দুই সেনার অঙ্গচ্ছেদ করা মৃতদেহ খুঁজে পাওয়া যায়।

এমইএ-র পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “এটি নিশ্চিত যে, ওই হামলার সময় বাটাল সেক্টরে পাকিস্তানের সীমান্ত পোস্ট থেকে গুলি চালিয়ে হামলাকারীদের সুরক্ষা দেওয়া হয়েছিল।”

“ভারতীয় সেনাদের রক্তের নমূনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া রোজা নালায় রক্তের যে চিহ্ন দেখা গেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে হত্যাকারীরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ফিরে গেছে।”

পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে তাদের সেনাদের এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেছে, তাদের সেনারা খুবই পেশাদার এবং তারা কোনোভাবেই অন্য সেনাসদস্যদের অসম্মান করবে না।

বিবৃতিতে বলা হয়, “ভারত যে অভিযোগ তুলেছে তা সঠিক নয়। পাকিস্তানের সেনাবাহিনী বাটাল সেক্টোরে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি। ভারতীয় সেনাদের অঙ্গচ্ছেদের যে অভিযোগ উঠেছে সেটাও মিথ্যা।”