‘মার্কিন বোমারু বিমান পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে’
কোরীয় উপদ্বীপকে পারমাণবিক যুদ্ধের প্রান্তে ঠেলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে উত্তর কোরিয়া।
সোমবার দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর সঙ্গে মহড়া দিতে দুটি মার্কিন বোমারু বিমান কোরীয় উপদ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়ার পর মঙ্গলবার এ অভিযোগ করে উত্তর কোরিয়া।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য ও যুক্তরাষ্ট্রের চাপ অগ্রাহ্য করে উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে এগিয়ে যাচ্ছে। এ নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ায় দুটি সুপারসনিক বি-১বি ল্যান্সার বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক প্রদর্শনীতে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র। রয়টার্স
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিমান বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে বোমারু বিমান দুটি গুয়াম দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ কোরিয়ায় গেছে।
উত্তর কোরিয়া বলেছে, বোমারু বিমানগুলো তাদের এলাকায় ‘বড় ধরনের স্থাপনায় পারমাণবিক বোমা ফেলার মহড়া দিয়েছে’; এমন এক সময় এ মহড়া চালানো হল যখন ট্রাম্প এবং ‘যুক্তরাষ্ট্রের অন্যান্য যুদ্ধবাজরা আগ বাড়িয়ে উত্তর কোরিয়ায় পারমাণবিক হামলা চালানোর জন্য ক্রন্দন শুরু করেছে’।
মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, “বেপরোয়া এই সামরিক উস্কানি কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে একটি পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।”
ক্যাপশন: কোরীয় উপদ্বীপের জলসীমায় পাঠানো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। রয়টার্স
এতসব উত্তেজনা সত্বেও সোমবার এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে ‘সম্মানিত’ বোধ করবেন।
