বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক মানুষের’ মৃত্যু
ইন্দোনেশিয়ায় ১৪৬ বছর বয়স দাবি করা ব্যক্তিটি মারা গেছেন। তার দাবি সঠিক হলে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ।
ইন্দোনেশিয়ার জাভার মধ্যাঞ্চলের একটি গ্রামে তার বাড়ি।
বিবিসি জানায়, সোদিমেদজো নামের ওই ব্যক্তির কাছে থাকা নথিপত্র অনুযায়ী, তার জন্ম ১৮৭০ সালের ডিসেম্বরে। যদিও ১৯০০ সাল থেকে ইন্দোনেশিয়ায় জন্ম তারিখ নথিভূক্ত করা শুরু হয়।
তবে দেশটির কর্মকর্তারা বিবিসি’কে বলেন, সোদিমেদজোর কাছে থাকা কাগজপত্র বৈধ। কারণ, সেগুলো তার দেওয়া প্রমাণপত্র এবং তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তৈরি করা হয়েছে।
গত ১২ এপ্রিল স্বাস্থ্যের অবনতি হলে সোদিমেদজোকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন থাকার পর বাড়ি যাওয়ার জন্য জেদ ধরলে তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
তার নাতি সুয়ান্তো বিবিসি’কে বলেন, “হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তিনি মাত্র কয়েক চামচ জাউ এবং সামান্য পানি পান করেছেন।”
“কয়েক দিন এভাবে চলার পর তিনি খাবার খাওয়া ও পানি পান ছেড়ে দেন।”
অতীতের চমৎকার সব ইতিহাস বর্ণনার জন্য নিজ গ্রামে দারুণ জনপ্রিয় ছিলেন সোদিমেদজো। বিশেষ করে তার মুখে জাপান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধের বর্ণনা শুনতে তারা খুবই পছন্দ করতেন।
সোমবার সকালে স্থানীয় একটি কবরস্থানে অনেক দিন আগে নিজের জন্য রাখা জায়গায় সোদিমেদজোকে দাফন করা হয় বলে জানিয়েছেন তার নাতি সুরিয়ান্তো।
নিজের কবরের ফলকটিও অনেকদিন আগেই তিনি তৈরি করিয়ে রেখেছিলেন। যা বাড়ির পাশে পড়েছিল। সোমবার তার কবরে সেই ফলকটি লাগিয়ে দেওয়া হয়।
সোদিমেদজোর বয়স সংক্রান্ত কাগজপত্র সঠিক বলে প্রমাণিত হলে ফ্রান্সের জ্যঁ ক্যালমঁকে সরিয়ে তিনিই বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু মানুষ হবেন। ১২২ বছর বয়সে মারা যান ক্যালমঁ। রেকর্ড বইয়ে যিনি বিশ্বের দীর্ঘজীবী মানুষ।
