উত্তর কোরিয়ার কিম জং উনকে ‘সেয়ানা’ বললেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘খুব সেয়ানা’ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, সিবিএস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ‘কয়েকজন অত্যন্ত শক্ত ব্যক্তির’ মোকাবিলা করে যুবক বয়সে কিমের ক্ষমতা গ্রহণের বিষয়টি উল্লেখ করে ট্রাম্প মন্তব্যটি করেন।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী নিয়ে বাড়তে থাকা উত্তেজনার এই পরিস্থিতিতে কিমকে ‘সুস্থমস্তিষ্কের’ মনে হয় কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান এ বিষয়ে তার কোনো ‘ধারণা নেই’।
উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার দুই বছরের মাথায় নিজের একমাত্র ফুফার মৃত্যুদণ্ড কার্যকর করেন কিম। সম্প্রতি মালয়েশিয়ায় নিহত নিজের সৎ ভাইকে হত্যার নির্দেশদাতা হিসেবেও তাকে সন্দেহ করা হয়।
উত্তর কোরিয়ার নেতা সম্পর্কে তিনি কি মনে করেন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “লোকজন বলছে, ‘তার মাথা ঠিক আছে তো?’, (এ বিষয়ে) আমার কোনো ধারণা নেই। তবে তার বাবা যখন মারা যান, সে ২৬ কি ২৭ বছরের একজন যুবক। নিশ্চিতভাবেই তাকে খুব শক্ত লোকজনের সঙ্গে বোঝাপড়া করতে হয়েছে, বিশষে করে জেনারেলদের সঙ্গে ও অন্যান্যদের সঙ্গে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রয়টার্স
সিবিএস চ্যানেলের ‘ফেইস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
এর আগে শনিবার দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা করে ব্যর্থ হয় উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের সময়েই কেন বিস্ফোরিত হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমি বরং এটি নিয়ে আলোচনা না করি।”
তিনি বলেন, “আমাদের সব পদক্ষেপই ঘোষণা করে দেওয়া উচিত নয়। এটি দাবা খেলার মতো, আমার মাথায় কি চলছে তা লোকজনকে জানাতে চাই না আমি।”
ধারণা করা হচ্ছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর উপযোগী পারমাণবিক বোমার ক্ষুদ্র সংস্করণ তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।
