২৫ বছর ধরে পাতা খেয়ে বেঁচে আছেন মেহমুদ বাট
পাকিস্তানের এক ব্যক্তি ২৫ বছর ধরে তাজা পাতা ও কাঠ খেয়ে বেঁচে আছেন, এই সময়ের মধ্যে তিনি কখনও অসুস্থ হননি।
মেহমুদ বাট নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলার বাসিন্দা বলে দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাতে জানিয়েছে এনডিটিভি।
২৫ বছর বয়সে বেকার অবস্থায় নিজের খাবার যোগাড় করতে না পেরে মেহমুদ পাতা খাওয়া শুরু করেছিলেন।
তিনি বলেন, “আমাদের পরিবার খুব গরিব ছিল। সবকিছুই আমাদের সাধ্যের বাইরে ছিল। খাবার যোগাড় করা খুব কঠিন হয়ে পড়েছিল। তাই রাস্তায় ভিক্ষা করার চেয়ে কাঠ খাওয়াই ভাল হবে বলে মনে হল আমার।
“তারপর থেকে কাঠ ও পাতা খেতে খেতে অভ্যাস হয়ে গেল,” বলেন বাট।
কয়েক বছর পর মাহমুদের বেকার অবস্থার অবসান হল। কাজে যোগ দিলেন তিনি। এবার খাবার কেনার সামর্থ্য হল। কিন্তু নিজের অদ্ভুত খাদ্যাভ্যাস থেকে নিজেকে সরাতে পারলেন না মাহমুদ।
এখন গাধা চালিত গাড়ি দিয়ে মালামাল পরিবহনের কাজ করেন মেহমুদ। এতে তার দৈনিক ৬০০ রুপি আয় হয়। এখনও গাছের তাজা পাতা ও কাঠ খেয়ে যাচ্ছেন তিনি।
অশ্বত্থ, তালি ও শিশু গাছের গুড়ি খেতে তিনি বেশি পছন্দ করেন। এসব খেয়েও কখনও অসুস্থ না হওয়ায় নিজ এলাকায় খ্যাতিমান হয়ে উঠেছেন তিনি। তিনি গাছের পাতা বা গুড়ি খাচ্ছেন লোকজন ভিড় করে দেখে।
প্রতিবেশি গোলাম মোহাম্মদ জানান, মেহমুদ কখনোই কোনো হাসপাতালে যাননি, কোনো চিকিৎসকের শরাণপন্ন হননি।
“ক্ষুধা লাগলেই রাস্তার পাশে গাড়ি রেখে তিনি ডালসহ তাজা পাতা খাওয়া শুরু করেন,” বলেন মোহাম্মদ।
