যুক্তরাজ্যে আগাম ভোট চান টেরিজা মে
ব্রেক্সিট প্রশ্নে গণভোটের পর টালমাটাল যুক্তরাজ্যের দায়িত্ব নেওয়ার নয় মাসের মাথায় আকস্মিকভাবে আগাম নির্বাচনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ জুন নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি পার্লামেন্টে প্রস্তাব আনবেন।
মে বলেছেন, ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর পর ব্রিটেনের এখন প্রয়োজন নিশ্চয়তা, স্থিতিশীলতা এবং দৃঢ় নেতৃত্ব।
নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, ব্রেক্সিটের বিষয়ে জনগণের মধ্যে ঐকমত্য সৃষ্টি হলেও ওয়েস্টমিনস্টারে (পার্লামেন্ট) তা হচ্ছে না।
টেরিজা মের এই আগাম নির্বাচনের প্রস্তাব নিয়ে আগামী বুধবার হাউজ অব কমন্সে ভোটাভুটি হবে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটেনের বর্তমান সংসদের মেয়াদ রয়েছে ২০২০ সাল পর্যন্ত। গতবছর গণভোটে যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিলে ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন এবং কনজারভেটিভ পার্টির নতুন নেতা টেরিজা মে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
প্রতিশ্রুতি অনুযায়ী, গত ২৯ মার্চ ইউরোপী ইউনিয়নে চিঠি পাঠিয়ে তিনি ২৮ দেশের এই পরিবার থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন।
এর আগে একাধিকবার আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে আসা মে তার মন পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন এভাবে।
“আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি, আগামী বছরগুলোতে নিরাপত্তা ও স্থিতিশীলতার নিশ্চয়তা কেবল একটি নির্বাচনের মাধ্যমেই পাওয়া সম্ভব।”
তিনি ব্রিটেনের অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ‘রাজনৈতিক চাল চালার’ অভিযোগ তুলে বলেন, “এতে আমাদের ব্রেক্সিট প্রক্রিয়া সফল করার সক্ষমতা ঝুঁকির মুখে পড়বে। যা যুক্তরাজ্যকে অনিশ্চিত ও অস্থিতিশীল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।”
“এ কারণেই আমাদের জাতীয় নির্বাচন প্রয়োজন এবং তা এখনই প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট আলোচনায় একটি অবস্থানে পৌঁছানো এবং বিস্তারিত আলোচনা শুরুর আগে এ নির্বাচন করার জন্য আমাদের এ মুহূর্তেই একটিমাত্র সুযোগ আছে।”
ক্যামেরনের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা মে বরাবরই ‘আগাম নির্বাচনের প্রয়োজন হবে না’ বলেছিলেন।
কিন্তু হঠাৎ করে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, “আমি খুব সম্প্রতি নিতান্ত অনিচ্ছায় এ সমাধানে পৌঁছেছি। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আমি বলে আসছিলাম, ২০২০ সালে মেয়াদ পূরণ হওয়ার আগে নির্বাচনের কোনও প্রয়োজন হবে না। কিন্তু এখন আমি চূড়ান্তভাবে বুঝতে পেরেছি, একমাত্র নির্বাচনের মাধ্যমেই আগামী বছরগুলোতে যুক্তরাজ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।”
এক বিবৃতিতে মে জানান, যুক্তরাজ্যের প্রধান বিরোধীদল লেবার পার্টি চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেওয়ার হুমকি দিয়েছে। লিবারেল ডেমোক্রেটসরাও বলেছে তারা সরকারের কাজ স্থবির করে দিতে চায়। স্কটিশ ন্যাশনাল পার্টিও (এসএনপি) আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে ব্রিটেনের সদস্যপদ খারিজ আইনের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছে। হাউজ অব লর্ডসের অনির্বাচিত সদস্যরাও সরকারের প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করার সঙ্কল্প নিয়েছে।
মে বলেন, “আমরা এখনই নির্বাচন না করলে তাদের রাজনৈতিক খেলা চলতে থাকবে এবং নির্ধারিত সময়ে আগামী নির্বাচনের দিকে যাওয়ার সময়ের মধ্যেই ইইউ এর সঙ্গে ব্রেক্সিট আলোচনা অত্যন্ত কঠিন পর্যায়ে পৌঁছবে।”
