ডায়ানার মৃত্যুতে বহুবছর মানসিক ট্রমায় ছিলেন হ্যারি
মা ডায়ানার অকাল মৃত্যুর পর ব্রিটিশ যুবরাজ হ্যারিকে দীর্ঘ কয়েক বছর মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি এজন্য তাকে কাউন্সেলিংও করাতে হয়েছিল।
মা’কে হারানোর দুঃখ এতদিন চেপেই রেখেছিলেন হ্যারি। অবশেষে গত সোমবার ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি।
জানিয়েছেন, মা’কে হারিয়ে কতটা এলোমেলো হয়ে গিয়েছিল তার জীবন। একটা সময়ে গিয়ে সেই শোক ভুলতে মনোবিদের সাহায্য নিতে হয় তাকে।
১৯৯৭ সালে প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়ানা প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান। ওই সময় হ্যারি মাত্র ১২ বছরের কিশোর।
সাক্ষাৎকারে হ্যারি বলেন, “মায়ের মৃত্যুর পর আমি নিজেকে সামলাতে মা’য়ের ব্যাপারে সব ধরনের চিন্তা বন্ধ করে দিলাম। অনেকটা বালির মধ্যে মাথা গেঁথে দেওয়ার মত। আমার মনে হয়েছিল, সে সব কথা ভাবলে তো দুঃখ আরও বাড়বে। মা তো আর ফিরে আসবে না।”
“তাই আবেগের দিক থেকে আমি নিজেকে অনেকটা এরকম বুঝিয়েছিলাম; ঠিকাছে, তুমি তোমার আবেগকে কোনও কিছুর অংশ হতে দিও না।”তরুণ বয়সেও প্রিন্স হ্যারিকে ওই মানসিক লড়াই চালিয়ে যেতে হয়েছে। যা তার কাজ এবং ব্যক্তিজীবন উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলেছে।
হ্যারি বলেন, পরে তার বড় ভাই প্রিন্স উইলিয়াম তার সাহায্যে এগিয়ে আসেন এবং তাকে সাহায্য খোঁজার জন্য উৎসাহ দেন।“আমি আমার সমস্যা নিয়ে কথা বলা শুরু করি এবং সত্যি বলতে হঠাৎ করেই ওই সমস্ত বিষাদ যেগুলো নিয়ে আমি কখনওই কথা বলিনি সব সামনে চলে আসতে শুরু করল। তখন আমি বুঝতে পারলাম, আসলে এখানে অনেক বিষয়ই আছে যেগুলো আমাকে সামলে উঠতে হবে।”
পরবর্তীতে হ্যারি মনোবিদের সঙ্গে কথা বলবেন বলে মনস্থির করেন। তবে শুধু মনোবিদই নয়, সেই কঠিন পরিস্থতি কাটিয়ে উঠতে বক্সিংয়েও বেশ উপকার হয়েছিল বলে মনে করেন তিনি।
তাছাড়া, সেনাবাহিনীতে যোগ দিয়ে দু’বছর আফগানিস্তানে কাটানোটাও তার কাজে এসেছে। ব্রিটিশ সেনাবাহিনীতে ১০ বছর কাজ করেছেন প্রিন্স হ্যারি। ওই সময়ই তিনি দুইবার আফগানিস্তানেও দায়িত্ব পালন করেন।
ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ওই সময় রাজকীয় কর্মকাণ্ডে উদ্বিগ্ন থাকতেন। তবে বর্তমানে তিনি ভাল আছেন বলে জানান।
বর্তমানে তিনি বেশ কয়েকটি দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত আছেন। যেগুলোর মধ্যে আহত সেনাদের সহায়তাকারী প্রতিষ্ঠানও রয়েছে। প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটনের সঙ্গে মিলে তিনি মানসিকভাবে অসুস্থদের জন্য একটি দাতব্য সংগঠনও প্রতিষ্ঠা করেছেন।
হ্যারি বলেন,“এই সব প্রক্রিয়ার মধ্যদিয়ে শেষ পর্যন্ত গত আড়াই বছর ধরে আমি ঠিকঠাক আছি। এখন আমি আমার কাজকে গুরুত্বের সঙ্গে নিতে পারছি। সেইসঙ্গে আমি আমার ব্যক্তিগত জীবনকেও গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে পারছি। আমি ওই সব কাজে আমার রক্ত, ঘাম ও অশ্রু বিসবিসর্জন করতে পারছি যা সত্যিই পার্থক্য গড়ে দেবে।”
