২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া নিয়ে ব্যর্থ নীতির দিন শেষ: মাইক পেন্স

উত্তর কোরিয়া নিয়ে কৌশলগত ধৈর্য ধারণের ব্যর্থ নীতির দিন শেষ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 06:58 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক জোনে (ডিএমজেড) গিয়ে সোমবার পেন্স একথা বলেছেন।

ডিএমজেড- এ এক একান্ত সাক্ষাৎকারে পেন্স বলেন, “আমরা কৌশলগত ধৈর্যের ব্যর্থ নীতি পরিহার করব। কিন্তু আমরা উত্তর কোরিয়ার ওপর কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টাও দ্বিগুণ করব।”

কোরিয়া উপদ্বীপে উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়া সফর করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা চালানোর কয়েক ঘণ্টা পর রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছান পেন্স।

দক্ষিণ কোরিয়াকে সম্পর্কের বিষয়ে আশ্বস্ত করাও পেন্সের এ সফরের উদ্দেশ্য। দক্ষিণ কোরিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে পেন্স বলেছেন, “আমরা একশ ভাগ আপনাদের পাশে আছি।”

১০ দিনের এশিয়া সফরকালে পেন্স দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া সফর করবেন।