২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্কলেতে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বিরোধীদের মারামারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পার্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 11:39 AM

Updated : 11 Oct 2022, 01:49 PM

শনিবারের এ ঘটনায় দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলে এলাকার ওই পার্কটি থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

দুপক্ষকে পরস্পরের কাছ থেকে আলাদা রাখতে পুলিশ দুই সমাবেশের মাঝে ব্যারিকেড স্থাপন করে অবস্থান নেয়। কিন্তু পুলিশ ব্যারিকেডের ওপর দিয়ে বোতল ও ক্যান ছোড়াছুড়ি করে দুপক্ষ মারামারিতে লিপ্ত হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ বিস্ফোরক বস্তু ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। 

কর্তৃপক্ষ কোনো হতাহতের কথা প্রকাশ না করলেও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদক রক্তাক্ত মুখ ও জখম হওয়া বেশ কয়েকজনকে দেখেছেন। পুলিশকে উদ্ধৃত করে গণমাধ্যমের প্রতিবেদনে অন্তত ১১ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে।

মারামারির ঘটনার ভিডিও দেখে এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

‘প্যাট্রিয়ট ডে’ উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়া পার্কে উন্মুক্ত বক্তৃতা ও পিকনিকের আয়োজন করেছিল প্রধানত ট্রাম্পের সমর্থকরা। এ সময় কয়েকশত ট্রাম্প-বিরোধী তাদের পাশেই পাল্টা একটি সমাবেশের আয়োজন করে। এখান থেকেই দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।

এক পর্যায়ে সমাবেশ দুটিতে ৫০০ থেকে এক হাজার মানুষ সমবেত হয়। ট্রাম্প বিরোধীদের অনেকে কালো পোশাক ও মুখোশ পরে আসে। অপরদিকে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে স্বঘোষিত ‘দেশপ্রেমী’, বাক স্বাধীনতাপন্থি ও অন্যান্য গোষ্ঠীগুলো জড়ো হয়।

সহিংসতা হতে পারে আশঙ্কায় ওই পার্কের সাপ্তাহিক একটি কৃষি হাট বন্ধ রাখা হয়। এরপরও ব্যবসার জন্য কেউ কেউ তাজা শাকসব্জির দোকান খুলে বসে। এখানে দুপক্ষের মধ্যে প্রথম মারামারির ঘটনা ঘটে, পটকার বিস্ফোরণও ঘটানো হয়।

পরে দুই সমাবেশের মধ্যে বোতল ও ক্যান ছোড়াছুড়ির পর উভয় শিবিরের প্রায় শ’খানেক লোক পার্কের বাইরে ‍শহরের একটি চৌরাস্তার মোড়ে গিয়ে ফের মারামারি শুরু করে। এখানে দুপক্ষের মধ্যে ঘুষাঘুষি, লাথালাথি ও তুমুল গালাগালি চলে।

এখানে পুলিশের উপস্থিতি কম ছিল, দুই থেকে তিনজন পুলিশ কর্মকর্তা চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন।