উত্তর কোরিয়াও গ্যাস অস্ত্র সক্ষমতা আছে, শঙ্কা জাপানের
কেবল সিরিয়া নয়, উত্তর কোরিয়ারও সারিন গ্যাস অস্ত্র হামলার সক্ষমতা আছে বলে শঙ্কা প্রকাশ করেছে জাপান।
বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, বিষাক্ত রাসায়নিক সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর ক্ষমতা উত্তর কোরিয়া এরই মধ্যে অর্জন করেছে।
পিয়ংইয়ংয় ষষ্ঠ পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে বলে বিশ্লেষকরা জানানোর পর আবে এই সতর্কবার্তা দিলেন।
জাপান পার্লামেন্টের কূটনীতি এবং প্রতিরক্ষা কমিটিতে বক্তব্যদানকালে আবে বলেন, “আমাদের দেশের চারপাশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে।”
“আমরা সিরিয়া নিয়ে কথা বলছি। অথচ, উত্তর কোরিয়ারও ক্ষমতা আছে, সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর।’’ তবে ঠিক কী ধরনের প্রমাণের ভিত্তিতে আবে একথা বলছেন, তা তিনি জানান নি।
উত্তর কেরিয়ার প্রতিষ্ঠাতার জন্মদিনকে ঘিরে দেশটি নতুন একটি অস্ত্র পরীক্ষার তোড়জোড় করছে। তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে, এমন কিছু হলে তা নস্যাৎ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ আশঙ্কার কারণে কোরীয় উপদ্বীপে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বহর। জাপানি যুদ্ধজাহাজেরও যুক্তরাষ্ট্রের এই বহরের সঙ্গে যোগ দেওয়ার কথা।
উত্তর কোরিয়া আগবাড়িয়ে হামলার কোনও সম্ভাবনা দেখলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে। উত্তর কোরিয়ার এ হুমকির মুখে সবচেয়ে ঝুঁকিতে আছে দক্ষিণ কোরিয়া এবং জাপান। উত্তর কোরিয়া যে কোনও দিনই জাপানে সারিন গ্যাস হামলা চালাতে পারে বলে শঙ্কিত প্রধানমন্ত্রী আবে।
রাসায়নিক অস্ত্র সনদে সই না করা ছয়দেশের মধ্যে আছে উত্তর কোরিয়া। তাদের রাসায়নিক অস্ত্রের বিশাল ভান্ডার রয়েছে বলেও ধারণা করা হয়।
দক্ষিণ কোরিয়ার ২০১৬ সালের ডিফেন্স হোয়াইট পেপার অনুযায়ী, ১৯৮০ সাল থেকে উত্তর কোরিয়া রাসায়নিক অস্ত্র উন্নয়ন করে আসছে। তারা বলছে, বর্তমানে পিয়ংইয়ংয়ের কাছে ২৫০০ থেকে ৫০০০ টন রাসায়নিক অস্ত্র আছে। এগুলোর মধ্যে রয়েছে অ্যানথ্রাক্স, স্মলপক্স এবং প্লেগ অস্ত্র।
২০১২ সালের একটি রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগও জানিয়েছিল, বহুদিন ধরে রাসায়নিক কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া। তাদের ভাণ্ডারে প্রাণঘাতী নার্ভ গ্যাসও রয়েছে।
