বেসলান স্কুল অবরোধ অভিযানে রাশিয়া ব্যর্থ হয়েছে: মানবাধিকার আদালত
রাশিয়ার বেসলানে ২০০৪ সালে চেচেন বিদ্রোহীদের স্কুল অবরোধের ঘটনায় জিম্মি উদ্ধার অভিযানে ব্যাপক প্রাণহানির জন্য রাশিয়া সরকারকে দায়ী করেছে ইউরোপীয় মানবাধিকার আদালত।
বিবিসি জানায়, জিম্মিদের বাঁচাতে রাশিয়া ব্যর্থ হয়েছে বলে আদালত রায় দিয়েছে। রাশিয়ার উত্তর ওশেটিয়ায় ওই ঘটনায় ৩৩০ জন নিহত হয়, যাদের অধিকাংশই শিশু।
চেচেন বিদ্রোহীরা চেচনিয়া থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বেসলানের নাম্বার ওয়ান স্কুলটি অবরোধ করে ১০০০ এর বেশি মানুষকে জিম্মি করে। এদের বেশির ভাগই শিশু ছিল।
জিম্মি উদ্ধার অভিযানে রাশিয়া অসম শক্তি ব্যবহার করেছিল বলে রায় দিয়েছে আদালত। রায়ে আরও বলা হয়েছে, কর্মকর্তারা এ হামলা আসন্ন জেনেও আগেভাগে ব্যবস্থা নেয়নি।
রাশিয়া আদালতের রায়কে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এর বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।
ঘটনার ভয়াবহতা থেকে প্রাণে বেঁচে যাওয়াদের অনেকের অভিযোগ ছিল, অভিযানের সময় রুশ বাহিনী ভারি অস্ত্র ব্যবহার করেছে। ঘটনার এক দশক পার হয়ে যাওয়ার পরও হতাহতদের স্বজনরা প্রশ্ন তুলছিলেন, এ হামলা ঠেকানো যেত কিনা কিংবা উদ্ধার অভিযানের সময় এতো বিপুলসংখ্যক প্রাণহানি কেন হল?
তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জিম্মিদশা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিলেন এবং গোয়েন্দা তথ্য আমলে নেননি। তাছাড়া, বিপুল প্রাণহানির জন্য রুশ কর্মকর্তাদের দায়ীও করা হয়নি।
