২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রাসায়নিক হামলার খবর ১০০% অতিরঞ্জিত: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার বাহিনীর রাসায়নিক হামলা চালানোর খবর “একশত ভাগ অতিরঞ্জিত।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 09:33 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

এএফপি এর সঙ্গে এক একান্ত ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “কোনও হামলা চালানোর কোনরকম নির্দেশ দেওয়া হয়নি।” 

সিরিয়ায় ইদলিবের বিদ্রোহী-নিয়ন্ত্রিত খান শেইখৌন শহরে ৪ এপ্রিলের বিমান হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয় এবং আরও শত শত মানুষের নার্ভ গ্যাসে আক্রান্ত হওয়ার লক্সণ দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছে, তারা শহরটিতে জঙ্গিবিমান হামলা হতে দেখেছে। তবে রাশিয়া বলেছে, বিদ্রোহীদের একটি রাসায়নিক অস্ত্র গুদামে হামলা করা হয়েছে।

হামলাস্থলের ভিডিও ফুটেজে অনেক শিশুর মুখ দিয়ে ফেনা উঠতে দেখা গেছে। আক্রান্তদেরকে তুরস্ক সীমান্তবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এ সমস্ত চিত্র আসাদের বক্তব্যের বিপীরত ধারণাই তুলে ধরেছে।

তুরস্ক ওই সময় থেকেই বলে আসছে, হামলায় সারিন এজেন্ট ব্যবহারের ‘অকাট্য প্রমাণ’ পেয়েছে তারা। কিন্তু সিরিয়া এবং রাশিয়া রাসায়নিক হামলার কথা অস্বীকার করে আসছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ এএফপি’র সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, সিরিয়া সরকার ২০১৩ সালেই রাসায়নিক অস্ত্র পরিহার করেছে রাসায়নিক অস্ত্র গুদামও খালি করেছে। তিনি বলেন, “আমাদের হাতে এমন অস্ত্র থেকে থাকলেও আমরা তা ব্যবহার করতাম না।”

কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, কেবলমাত্র সিরিয়া সরকারের হাতেই সারিন গ্যাসের মজুদ এখনও আছে বলেই ধারণা তাদের। তাছাড়া, যুক্তরাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং রাসায়নিক অস্ত্র পরিদর্শকরাও সবাই রাশিয়া এবং সিরিয়ার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।