২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করতেই সিরিয়ায় ট্রাম্পের হামলা!

সিরিয়ার বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা উত্তর কোরিয়াসহ অন্যান্য দেশের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2017, 09:21 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

তিনি বলেন, “যদি (কোনও দেশ) হুমকি হয়ে দাঁড়ায় তবে একইভাবে জবাব দেওয়া হবে।”

ইদলিবের খান শেইখৌন শহরে রাসায়নিক হামলার পর গত শুক্রবার ভোররাতে ভূমধ্যসাগরে অবস্থানরত দুটি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার হামস প্রদেশের শায়রাত বিমান ঘাঁটিতে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এতে ছয় জন নিহত হওয়ার পাশাপাশি সিরিয়ার বিমান ঘাঁটিটি ধ্বংস হয়ে যায়।

রোববার এবিসি’র ‘দিস উইক’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে প্রশ্ন করা হয়, সিরিয়ার বিমানঘাঁটিতে শুক্রবারের ওই হামলা উত্তর কোরিয়ার জন্য কোনও বার্তা কিনা।

জবাবে তিনি বলেন, “এই বার্তা যেকোনও দেশের জন্যই প্রযোজ্য। যদি আপনি আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেন, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেন, প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হন, অন্যদের জন্য হুমকি হয়ে উঠেন, তবে কিছু ক্ষেত্রে এধরনের জবাব তো দিতে হবে।”

“উত্তর কোরিয়ার কথা বলতে গেলে; আমরা খুব পরিষ্কার করেই বলেছি যে, আমরা কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে চাই।”

সিবিএস নিউজের ‘ফেস দ্য ন্যাশন’কে দেওয়া অন্য একটি সাক্ষাৎকারে টিলারসন বলেন, “প্রেসিডেন্ট শি জিনপিং পরিষ্কারভাবে বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমার বিশ্বাস তিনি এ বিষয়ে একমতও হবেন যে, পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে এবং এখন এটি সুনির্দিষ্ট হুমকির পর্যায়ে পৌঁছে গেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে।”

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ.আর. ম্যাকমাস্টার রোববার বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের কারণে যে ‘হুমকির’ পরিবেশ সৃষ্টি হয়েছে তা প্রতিকার করতে শিগগিরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবস্থা গ্রহণ করবেন।